দেশের সিনেমা ছাড়িয়ে বর্তমানে কলকাতার সিনেমায় অভিনয় করছেন সিয়াম আহমেদ। বর্তমানে এ অভিনেতা কলকাতায় রয়েছেন সিনেমার শুটিং করতে। এ সিনেমায় তাকে দেখা যাবে ওপার বাংলার অন্যতম জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। শুক্রবার নিজের ফেসবুক প্রোফাইল থেকেই শুটিং সেটে সহশিল্পীদের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন সিয়াম। যেখানে সিয়াম আর প্রসেনজিতের সঙ্গে রয়েছেন পূজা বন্দ্যোপাধ্যায় ও আয়ুষী তালুকদার।

কলকাতার শুটিং সেটের হালচাল জানতে চাইলে সিয়াম বলেন, ‘খুব ভালো একটি কাজ হচ্ছে। এর আগে কলকাতায় এসে সহশিল্পীদের সঙ্গে রিহার্সেল করায় অনেক সুবিধা হয়েছে। বোঝাপড়াটা আগে থেকে হওয়ার কারণে মনে হচ্ছে না তাদের সঙ্গে প্রথম কাজ করছি।’

সিয়াম আহমেদ অভিনীত কলকাতার সিনেমাটি পরিচালনায় রয়েছেন রাজা চন্দ। এখনো সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। প্রযোজনা করছে কলকাতার শ্যাডো ফিল্মস। এ সিনেমায় একজন সংগীতশিল্পীর চরিত্রে অভিনয় করবেন সিয়াম। তার চরিত্রের নাম ধ্রুপদ। যার জীবন কাটে সংগ্রামের মধ্য দিয়েই।

অন্যদিকে গত ২০ জানুয়ারি মুক্তি পেয়েছে সিয়াম ও পরিমনি অভিনীত শিশুতোষ সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। সে সময়ে সিনেমার প্রচারকাজে একাই দেখা গেছে পরিমনিকে। কারণ সিয়াম আহমেদ ছিলেন কলকাতায় সিনেমার কাজে। তখন কলকাতা থেকে একটি ভিডিও বার্তা পোস্ট করে নতুন চমক দিলেন সিয়াম। তার সঙ্গে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অ্যাডভেঞ্চার অব সুন্দরবন সিনেমার জন্য শুভকামনা জানিয়েছেন প্রসেনজিৎ। ওই ভিডিও বার্তায় সিয়াম জানান, তাদের দুজনের সিনেমা আসছে সামনে। এ নিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, ‘তোমরা নিশ্চয় জানো, আমরা দুজনে মিলে একটা ছবি করছি। আজ আমাদের শুটিং চলছে। এরপর ফেব্রুয়ারিতে আমরা আবার শুটিং করব। আমাদের জন্য সবাই আশীর্বাদ-দোয়া রাখবেন।’ দেশের অনেক তারকাই দেশের সীমানা ছাড়িয়ে অভিনয় করছেন। এ তালিকায় যুক্ত হতে যাচ্ছেন সিয়াম আহমেদও। দেশে একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। গত বছর ‘বিশ্বসুন্দরী’ এবং এ বছর ‘মৃধা বনাম মৃধা’ সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সিয়াম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা অ্যাডভেঞ্চার অব সুন্দরবন। ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস থেকে নির্মিত হয়েছে এটি। সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আবু রায়হান জুয়েল, চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া সৌখিন।