জীবন্ত কিংবদন্তি মার্টিন স্করসেজিকে নিয়ে নির্মিত হয়েছে পাঁচ পর্বের ডকুমেন্টারি ‘মিস্টার স্করসেজি’। আগামী ১৭ অক্টোবর অ্যাপল টিভি প্লাসে সিরিজটির প্রিমিয়ার হতে যাচ্ছে। অতিপ্রতীক্ষিত এ ডকুমেন্টারি পরিচালনা করেছেন ‘সি কাম টু মি’ ও ‘পারসোনাল ভেলোসিটি’-খ্যাত রেবেকা মিলার।

ভ্যারাইটির প্রতিবেদন অনুসারে, সিরিজটি নির্মাণে স্করসেজির ব্যক্তিগত আর্কাইভে একচেটিয়া ও সীমাহীন প্রবেশাধিকার পেয়েছে রেবেকা মিলার ও তার দল। সেখানে দীর্ঘ সাক্ষাৎকারে এ নির্মাতার জীবন ও সৃজনশীল প্রক্রিয়ার অন্দরমহল তুলে ধরা হয়েছে।

ট্যাক্সি ড্রাইভার, রেজিং বুল, গুডফেলাস, দ্য ডিপার্টেড, দ্য আইরিশম্যান বা সর্বশেষ কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুনের মতো অসাধারণ সব চলচ্চিত্রের নির্মাতা মার্টিন স্করসেজি। প্রামাণ্যচিত্রটি এ নির্মাতার পাশাপাশি তার বন্ধু-বান্ধব, পরিবার ও সৃজনশীল সহকর্মীদের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে। এতে অংশ নিয়েছেন রবার্ট ডি নিরো, ড্যানিয়েল ডে-লুইস, লিওনার্দো ডি ক্যাপ্রিও, মিক জ্যাগার, রবি রবার্টসন, থেলমা স্কুনমেকার, স্টিভেন স্পিলবার্গ, শ্যারন স্টোন, জোডি ফস্টার, পল শ্রেডার, মার্গট রবি, কেট ব্লানচেট, জে কক্স ও রদ্রিগো প্রিয়েতো। আছেন স্করসেজির স্ত্রী হেলেন মরিস, সন্তান এবং শৈশবের ঘনিষ্ঠ বন্ধুরাও।

কীভাবে জীবনের অভিজ্ঞতাগুলো স্করসেজির শিল্পীসত্তা গঠন করেছে তা উঠে এসেছে প্রামাণ্যচিত্রে। নিউইয়র্ক ইউনিভার্সিটিতে ছাত্রাবস্থায় নির্মিত প্রথম দিককার চলচ্চিত্র থেকে শুরু করে তার সবশেষ কাজ, সব কিছুই ধাপে ধাপে তুলে ধরেছেন নির্মাতা রেবেকা মিলার।

এ নির্মাতা বলেন, ‘একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে প্রকল্পটি স্বপ্নের মতো। মার্টিন স্করসেজি থেকে শুরু করে তার অসাধারণ সহকর্মী, ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের কাছ থেকে এমন সুযোগ পাওয়া আমার জন্য এক বিশাল অভিজ্ঞতা’।