মুক্তির ১৫ দিন পেরিয়েছে ‘টাইগার থ্রি’র। সিনেমাটি বক্স অফিসে আশানুরূপ আয় করতে পারেনি। কিন্তু এতে টাইগার ফ্র্যাঞ্চাইজি বা সালমান খান খুব একটা পিছিয়ে পড়ছেন না। বিশেষত এ সিনেমার মাধ্যমে স্পাই ইউনিভার্সের পরিধি বাড়ানোর একটা বার্তা পাওয়া যাচ্ছে। নতুন নতুন গল্প থেকে সিনেমা তৈরি হবে বলেও মনে করা হচ্ছে। এর মধ্যেই জিমের গল্প থেকে সলো সিনেমা করার চিন্তা করা হচ্ছে। সেখান থেকে আরো কথা উঠেছে জয়ার গল্প থেকেই একটি সিনেমা হতে পারে। এ ধারণা আরো শক্ত হচ্ছে টাইগার থ্রি থেকেই। সিনেমায় জয়ার একটা গল্প তৈরি করা হয়েছে। এ নিয়ে সালমান খানের বক্তব্য হচ্ছে জয়াকে নিয়ে সিনেমা হতেই পারে, তবে সেখানে টাইগারও থাকবে।
টাইগারের মুক্তি-পরবর্তী একটি প্রেস কনফারেন্স আয়োজন করা হয়। সেখানে সালমান খানকে জিজ্ঞেস করা হয়েছিল জয়ার স্পিন-অফ হলে সেখানে তিনি থাকবেন কিনা? এর উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ, সেটা তো হতেই পারে। স্পাই ইউনিভার্সে জয়ার গল্পটা স্বতন্ত্র। কিন্তু আমার মনে হয় টাইগার ছাড়া জয়াকে অসম্পূর্ণ লাগবে। গল্পটা মজার হবে যদি গল্পের শেষে টাইগার চলে আসে। মানে আমি বলতে চাচ্ছি সিনেমাটা টাইগারের নয়, জয়ারই। কিন্তু সেখানে টাইগারের উপস্থিতি থাকবে। একটা ফোনকল থাকতে পারে। ইন্টারভ্যালের আগে একটা ক্লিফ হ্যাঙ্গার তৈরি করতে হবে। সিনেমার ক্লাইম্যাক্সে এসে হয়তো সে জয়ার মিশনটা সফল করতে সাহায্য করবে।’
সালমান খান মনে করেন প্রথম সিনেমাটা টাইগারের থাকলেও এরপর ‘টাইগার জিন্দা হ্যায়’ ও ‘টাইগার থ্রি’র মাধ্যমে জয়া ও টাইগার যুক্ত হয়ে গেছে। তাদের আলাদা করে চিন্তা করা যায় না। তিনি আরো বলেন, ‘টাইগার আর জয়া পরস্পরের পরিপূরক। টাইগারকে ছাড়া জয়া বা জয়াকে ছাড়া টাইগারকে ভালো লাগবে না।’
‘এক থা টাইগার’-এ জয়ার চরিত্রটি টাইগারের সঙ্গে অনেকটা পার্শ্ব চরিত্রের মতোই ছিল। টাইগার থ্রিতে তার নিজের গল্পও কিছুটা জানানো হয়েছে। এর আগে ক্যাটরিনা জানিয়েছিলেন, তিনি জয়ার চরিত্রটি নিয়ে নতুন করে কাজ করেছেন। সেখান থেকেই দর্শক ও আগ্রহীরা মনে করছেন জয়াকে নিয়ে হয়তো দ্রুতই একটা স্বতন্ত্র গল্প তৈরি করবে যশরাজ ফিল্মস। স্পাই ইউনিভার্সের নারী স্পাইয়ের ক্ষেত্রে জয়াই হবে প্রথম।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










