তিন বছর পর ঢাকার মঞ্চে ফিরলেন ফুয়াদ আল মুক্তাদির। গতকাল রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের এক্সপো জোনে অনুষ্ঠিত হয়ে গেল ‘ফুয়াদ লাইভ ইন ঢাকা ২.০’র আসর। এ আয়োজনে ফুয়াদের সঙ্গে আরো ৩০ জন শিল্পী মাতিয়েছেন দর্শক-শ্রোতাদের। সেই তালিকায় রয়েছেন অর্থহীন ব্যান্ডের সুমন ও আনিলা। এতে প্রায় ১৪ বছর পর আবার এক মঞ্চে পারফর্ম করেন এই তিন সংগীততারকা। এছাড়া ছিলেন স্টোইক ব্লিস, পান্থ কানাই, আনিলা, এলিটা, রাফা, জোহাদ, ফাইরুজ, তাশফি, জেফার, তাসনিম আনিকা, ব্ল্যাক জ্যাংসহ আরো অনেকে।

স্কাই ট্র্যাকার আয়োজিত কনসার্টটি শুরু হয় সন্ধ্যা ৬টা নাগাদ। ফুয়াদ মঞ্চে আসতেই দর্শকের বাঁধভাঙা উচ্ছ্বাসের প্রকাশ পায়। ফুয়াদ-ফুয়াদ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো কনসার্ট। ফুয়াদও তার শ্রোতাদের ধন্যবাদ জানাতে ভোলেননি। ফুয়াদ ইন্ট্রো বিভাগে ফুয়াদের পারফরম্যান্স কনসার্টের আবহ পরিবর্তন করে দেয়। ডাক দিয়াছেন দয়াল আমারে গান নিয়ে প্রথমেই মঞ্চে ওঠেন হাসিব।

ফুয়াদ ‘নিটোল পায়ে’ গাইতেই শ্রোতারা উচ্ছ্বসিত কণ্ঠে ফুয়াদের সঙ্গে গেয়ে ওঠে গানটি। সুমন ও আনিলার ‘গাইবো না আর কোন গান’-এর মূর্ছনায় মুখরিত হয়ে ওঠে পুরো কনসার্টের আসর। একই মঞ্চে ১৪ বছর পর একসঙ্গে গান পরিবেশনা করে ফুয়াদ, আনিলা ও সুমন।

এরপর একের পর এক গান নিয়ে মঞ্চ মুখরিত করেন কণ্ঠশিল্পীরা। ‘তুমি হীনা’ গানটি পরিবেশন করেন ফাইরুজ। এলিটা মঞ্চে ওঠেন ‘কোথায়’ গানটি দিয়ে।

তাশফি নিয়ে আসেন তার বেশ কয়েকটি গান। এর পরেই জেফার মঞ্চ মাতান ‘ব্যস্ত শহরে’ গানটি দিয়ে। এভাবেই একে একে দেশের জনপ্রিয় মোট ৩০ জন তারকা শিল্পী গান পরিবেশন করেন।

এই আয়োজনে অংশ নেয়া প্রসঙ্গে সুমন তার ফেসবুক পেজের একটি স্ট্যাটাস দিয়ে লিখেছেন, ‘‌ফুয়াদের সঙ্গে শেষবার স্টেজে উঠেছিলাম ২০১৮ সালে, জয় বাংলা কনসার্টে। আমার শরীরের অবস্থা তখন ভয়ংকর খারাপ ছিল। হাতে ওয়াকিং স্টিক নিয়ে অনেক সাবধানে গাইতে উঠেছিলাম। ঠিকমতো গাইতেও পারিনি। আমার শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে সেদিন বলেছিলাম আবার কবে স্টেজে উঠব অথবা আদৌ উঠব কিনা আমি জানি না। গত বছর চট্টগ্রামে দীর্ঘ চার বছর পর অর্থহীনের ফেরত আসার কনসার্টটা আমার জন্য অনেক ইমোশনাল একটা ব্যাপার ছিল। ২৫ তারিখটাও আমার জন্য একটা বিশেষ দিন হয়ে থাকবে।’

স্কাই ট্র্যাকার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা দোজা এলান বলেন, ‘সর্বশেষ যখন ফুয়াদের কাজ করি ২০১৯ সালে। সে সময় সবকিছু খুব অন্যরকম ছিল। করোনাবিহীন এক পৃথিবী ছিল। আজ প্রায় তিন বছর পর ফের ফুয়াদ মঞ্চে, তার সঙ্গে কাজের অভিজ্ঞতার আদলে আমার নিজস্ব ভালো লাগা বেশি।’

এর আগে উন্মুক্ত মঞ্চের কনসার্টে সর্বশেষ ফুয়াদকে পাওয়া গিয়েছিল ২০১৯ সালে। আধুনিক বাংলা গানে নতুন ধরনের সুর ও সংগীত নিয়ে হাজির হয়েছিলেন ফুয়াদ আল মুক্তাদির। বর্তমানে তিটি বসবাস করেন যুক্তরাষ্ট্রে।