বাংলা নাটকের দুই জনপ্রিয় তারকা জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। এ সময়ে সবচেয়ে ব্যস্ত এ দুই শিল্পী। ওটিটিতে সরব উপস্থিতি তাদের। উৎসব এলে তাদের কাজের ব্যস্ততা বেড়ে যায় কয়েক গুণ। আসন্ন ঈদুল ফিতরে কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করেছেন তারা। এবারের ঈদে অপূর্ব-ফারিণের আলাদা আলাদা বেশ কয়েকটি নাটক প্রচারের তালিকায় রয়েছে। তবে জুটি বেঁধেও তারা ধরা দেবেন দর্শকের সামনে। যার মধ্যে সম্প্রতি একটি বিশেষ নাটকের শুটিং সম্পন্ন করেছেন এ দুই তারকা। সৈয়দ শাকিল পরিচালিত বিশেষ এ নাটকের নাম ‘কোন এক বসন্ত বিকেল’। যেখানে প্রধান চরিত্রে দেখা যাবে অপূর্ব ও ফারিণকে। নাটকটি নিয়ে নির্মাতা জানান, এর গল্পই ঈদের দর্শক টানবে বলে আশাবাদী তিনি। এছাড়া অপূর্ব ও ফারিণের আলাদা ফ্যানবেজ রয়েছে। তাদের ভালোবাসায় নাটকটি সবার মধ্যে ছড়িয়ে যাবে বলে ধারণা তার।
এ সময় নির্মাতা আরো বলেন, ‘একটা রোমান্টিক গল্পের নাটক কোন এক বসন্ত বিকেল। আমরা টিম হিসেবে চেষ্টা করেছি একটা সুন্দর বসন্তের মতো কাজটা করার। দর্শকের ভালো লাগলে আমাদের এ চেষ্টাটা সার্থক হবে।’
এদিকে ঈদ উপলক্ষে ওটিটি প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। রোমান্টিক ও কমেডি গল্পের এ সিনেমায় জুটি বেঁধেছেন অপূর্ব ও ফারিণ। কাজল আরেফিন অমি পরিচালিত ফিল্মটির টিজার এরই মধ্যে প্রকাশিত পেয়েছে। ৫৯ সেকেন্ডের টিজারে এক জমজমাট বিনোদনধর্মী কনটেন্টের আভাস পাওয়া গেছে। টিজার দেখে গল্প সম্পর্কে আন্দাজ করা যায়নি, তবে এর চুম্বক অংশ দেখিয়ে চরিত্রগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন নির্মাতা। তারকাবহুল এ ওয়েব ফিল্মে অপূর্ব-ফারিণ ছাড়াও অভিনয় করেছেন পাভেল, সুষমা সরকার, এরফান মৃধা শিবলু প্রমুখ।
এদিকে সঞ্জয় সমদ্দারের পরবর্তী সিনেমা ‘ইনসাফ’-এ শরিফুল রাজের সঙ্গে জুটি বাঁধবেন তাসনিয়া ফারিণ, যার শুটিং এরই মধ্যে শুরু হয়েছে। বর্তমানে তিনি তিন ফরম্যাটেই ব্যস্ত সময় পার করছেন। অভিনেতা অপূর্বরও একই রকম ব্যস্ততা যাচ্ছে।










