বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। তার সংগীতজীবনের পথচলায় ছয় দশক। বর্ণাঢ্য সংগীতজীবনের অসংখ্য প্রাপ্তি আছে তার। কোটি কোটি শ্রোতা-দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করেছেন তিনি। এখনো প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে বিশেষত বাংলাদেশের গায়িকাদের অনুপ্রেরণার নাম রুনা লায়লা। সংগীতজীবনের ৬০ বছরের পূর্ণতাকে আরো পরিপূর্ণ করে তুলতে স্যাটেলাইট চ্যানেল মাছরাঙা টিভি রুনা লায়লাকে নিয়ে করেছে বিশেষ আয়োজন। মাছরাঙার জনপ্রিয় শো ‘স্টার নাইট’-এ এবারের পর্ব সাজানো হয়েছে রুনা লায়লাকে নিয়ে।
‘স্টার নাইট’-এর এবারের পর্ব প্রচার হবে আজ রাত ৯টায়। অনুষ্ঠানের গ্রন্থনা করেছেন রুম্মান রশীদ খান। তিনি জানান, এ পর্বে রুনা লায়লাকে ৬০টি গোলাপ ফুল দিয়ে বরণ করে নেয়া, ৬০ সংখ্যাকে উপজীব্য করে কেক কাটা, ৬০টি প্রশ্ন করে বিশেষ আয়োজনকে স্মরণীয় করে রাখার উদ্যোগ নেয়া হয় স্টার নাইটের। বিশেষ এ আয়োজনে দেশের এ সময়ের জনপ্রিয় ১০ সংগীত তারকা কনা, লিজা, লুইপা, কোনাল, ঝিলিক, সুকণ্যা, সাব্বির, কিশোর, অপু, ইউসুফ বিশেষ শুভেচ্ছা বার্তা পাঠিয়ে রুনা লায়লাকে চমকে দিয়েছেন। শুধু তাই নয়, রুনা লায়লার পরিবার এবং আন্তর্জাতিক অঙ্গনের অনেক সংগীত ও চলচ্চিত্র তারকা রুনা লায়লার জন্য তাদের শুভেচ্ছাবার্তা পাঠিয়ে আবেগাপ্লুত করেছেন জীবন্ত এ কিংবদন্তিকে। রুনা লায়লার শৈশব-কৈশোর ও সংগীতজীবনের অপ্রকাশিত ছবি এবং অজানা কিছু তথ্য জানা যাবে স্টার নাইটের এ পর্বে।
রুম্মান রশীদ খানের গ্রন্থনা, অজয় পোদ্দারের প্রযোজনায় ও নিয়াজ মোরশেদ রাজীবের প্রযোজনা ও সহযোগিতায় স্টার নাইট উপস্থাপনা করেছেন মৌসুমী মৌ।
স্টার নাইটের এ বিশেষ আয়োজন নিয়ে রুনা লায়লা বলেন, ‘কিছুদিন আমি দেশের বাইরে ছিলাম। অক্টোবরের প্রথম সপ্তাহেই দেশে এসেছি। দেশে ফিরেই মাছরাঙার এ আয়োজনে অংশগ্রহণ করা। আমার সংগীতজীবনের ৬০ বছর পূর্তিতে বিশেষ এ আয়োজনের পরিকল্পনা ভীষণ ভালো লেগেছে।’










