আর কিছুদিন পরই দুর্গা পূজা। ওপার বাংলায় তাই সিনেমা মুক্তির ধুম লেগেছে। পূজাকে কেন্দ্র করে আসতে যাচ্ছে নন্দিতা রায় ও শিবপ্রসাদের নতুন সিনেমা ‘রক্তবীজ’। সিনেমাটি মুক্তিকে কেন্দ্র করে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নির্মাতা ও কলাকুশলীরা। প্রচারের অংশ হিসেবে মুক্তি পেয়েছে ‘রক্তবীজ’ সিনেমার ট্রেলার। দর্শক তাদের মুগ্ধতার কথা জানান দিচ্ছে আসন্ন সিনেমাটির ট্রেলার দেখে। ২ মিনিট ২৯ সেকেন্ডের ট্রেলারে রহস্য আর সাসপেন্সের সঙ্গে নানা প্রশ্ন তুলেছে। ট্রেলারে ছিল নন্দিতা রায় ও শিবপ্রসাদের চেনা ছন্দ। পাশাপাশি এ সিনেমার মধ্য দিয়ে বাণিজ্যিক সিনেমায় ফিরলেন ভিক্টর ব্যানার্জি। 

ভিক্টর ব্যানার্জি পশ্চিমবঙ্গের অন্যতম প্রবীণ অভিনেতা। দীর্ঘদিন তিনি মূলধারার সিনেমায় অভিনয় করেছেন। তবে বিগত কয়েক বছর টালিগঞ্জের সিনেমায় তাকে দেখা যায়নি। এবার নন্দিতা-শিবপ্রসাদ জুটির পরিচালনায় তিনি ফিরলেন। নন্দিতা ও শিবপ্রসাদের সিনেমা ভিন্ন ধারার হয় বলেই হয়ত ভিক্টর ফিরলেন। তবে রক্তবীজ নন্দিতা-শিবপ্রসাদ জুটির অন্যান্য সিনেমার তুলনায় ভিন্ন। 

একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে রক্তবীজ। মহালয়ার ধ্বনি দিয়ে শুরু হয়েছে ট্রেলার। এরপর ভিক্টর ব্যানার্জির ঝলক, বন্দুক হাতে আবীর, একেবারে অন্য লুকে দেবলীনা কুমার এবং সেই সঙ্গে খাগড়াগড় ঘটনা। সব মিলিয়ে এটি দর্শকের প্রশংসা পাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেলারটি শেয়ার করে অনেক দর্শক বলছেন এবারের সেরা সিনেমা হতে যাচ্ছে এটি।

আবীর চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তীকে অ্যাকশন অবতারে দেখা যাবে এখানে। অন্যদিকে দেবাশিস মণ্ডল, সত্যম ভট্টাচার্যের মতো অভিনেতারা থাকছেন সিনেমাটিতে।

এ সিনেমায় আবীর চট্টোপাধ্যায়ের বিপরীতে জুটি বাঁধতে চলেছেন মিমি চক্রবর্তী। উইন্ডোজ প্রযোজনা সংস্থার সঙ্গে ‘ফাটাফাটি’-র পর এটি আবীরের দ্বিতীয় সিনেমা। অন্যদিকে ২০১৬ সালের পর আবারো পরিচালক জুটির সিনেমায় দেখা যাবে মিমিকে। প্রথমবার নন্দিতা, শিবপ্রসাদের পরিচালনায় ‘পোস্ত’ সিনেমায় দেখা গিয়েছিল এ অভিনেত্রীকে।

অ্যাকশনে ভরপুর থ্রিলারধর্মী সিনেমা রক্তবীজ। এ ধরনের সিনেমায় এর আগে কখনো কাজ করেননি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের জুটি। তবে ট্রেলারের দর্শকের ইতিবাচক মনোভাব নিয়ে আশাবাদী এ দুই নির্মাতা। শুরুতেই দর্শকের জন্য একের পর এক নতুন বিষয় তুলে ধরার চেষ্টা করেছেন শিবু-নন্দিতার জুটি। সে ধারাবাহিকতায় এবার আসতে চলেছে তাদের সিনেমা রক্তবীজ। সিনেমাটির গানে চমক রেখেছেন তারা। এ সিনেমায় থাকবে প্রয়াত গায়ক কালিকাপ্রসাদ ভট্টাচার্যের অপ্রকাশিত গান। গায়কের জন্মদিনে তাকে স্মরণ করে শিবপ্রসাদ সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে পোস্ট করে জানান দিয়েছিলেন।