বিরতি ভাঙার পর নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তারকা মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। মাঝে একক নাটক প্রাধান্য দিলেও এবার অভিনয়ের জন্য বেছে নিয়েছেন মেগা ধারাবাহিক নাটক। গত শনিবার থেকে দীপ্ত টিভিতে প্রচার শুরু হয় শখ অভিনীত মেগা ধারাবাহিক নাটক ‘রূপনগর’।
এর কাহিনী গড়ে উঠেছে রূপনগর নামে একটি এলাকার বাসিন্দাদের যাপিত জীবনের নানা ঘটনা নিয়ে। রূপনগর মূলত ভিন্ন দুই ইউনিয়নের দুই চেয়ারম্যানের এলাকা। দুই চেয়ারম্যান একসময় পরস্পরের খুব ভালো বন্ধু থাকলেও এখন তাদের মাঝে চরম শত্রুতা। তারা সারাক্ষণ একে অন্যের ক্ষতি করার জন্য ব্যস্ত থাকে। ফলে দুজনের পরিবার ও এলাকার মানুষের মাঝে ইচ্ছা না থাকলেও বজায় রাখতে হয় শত্রুতা। এক চেয়ারম্যানের ভেতরের রূপ হলো চোরাকারবারি আর অন্যজন দখলবাজ। তার পরও রূপনগরে আছে কিছু রঙিন চরিত্র, যারা সুখে-দুঃখে, কষ্টে-আনন্দে একে অন্যের পাশে থাকে।
মেগা ধারাবাহিকটি নিয়ে শখ জানান, নাটকের গল্প ও চরিত্র একটু ভিন্নভাবে চেনা জীবনের ছায়া তুলে এনেছে। যে কারণে এ মেগা ধারাবাহিকে অভিনয় করা। নাটকটি দর্শক মনে ছাপ ফেলবে বলেও আশা প্রকাশ করেছেন এ অভিনেত্রী।
রূপনগর নাটকে আনিকা কবির শখ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মওলা, আ খ ম হাসান, দিলারা জামান, নাজনীন হাসান চুমকি, ইমতু রাতিশ, শাফিউল রাজ, সানজিদা, সাফানা নমনী, সুব্রত, মাহমুদুল ইসলাম মিঠু, এমিলা হকসহ অনেকে। চিত্রনাট্য লিখছেন লিটু সাখাওয়াত।
পরিচালনা করেছেন কায়সার আহমেদ। নাটকটি প্রতিদিন সন্ধ্যা ৭টা ও রাত সাড়ে ৯টায় দীপ্ত টিভিতে প্রচার হবে। এছাড়া নাটকটি দীপ্ত ডিজিটাল প্লাটফর্মে দেখা যাবে বলেও নির্মাতারা জানান।










