ডেভিড ও. রাসেল তার পরবর্তী সিনেমার নির্মাণ নিয়ে প্রস্তুত। এবার তিনি নির্মাণ করছেন মার্কিন শিল্পী লিন্ডা রনস্ট্যাডের বায়োপিক। সিনেমাটিতে লিন্ডার চরিত্রে অভিনয় করবেন সেলেনা গোমেজ। গণমাধ্যম ভ্যারাইটি এ তথ্য প্রকাশ করেছে।
লিন্ডাকে নিয়ে নির্মিতব্য সিনেমাটি এখন প্রি-প্রডাকশনে আছে। এটি প্রযোজনা করছেন জেমস কিচ ও লিন্ডার ম্যানেজার জন বয়লান। জেমস কিচ এর আগে ২০১৯ সালে লিন্ডাকে নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করেছিলেন। এর নাম ছিল ‘লিন্ডা রনস্ট্যাড: দ্য সাউন্ড অব মাই ভয়েস’। এতে লিন্ডার জীবন ও অন্যান্য বিষয় আলগাভাবে এসেছিল। তবে জেমসের আসন্ন সিনেমাটিতে লিন্ডার জীবন আরো বিস্তৃত পরিসরে আসবে বলে মনে করা হচ্ছে।
সেলেনা এ সিনেমায় অভিনয় করছেন তা আগেই ইঙ্গিত দিয়েছিলেন। তিনি রনস্ট্যাডের ‘সিম্পল ড্রিমস’ বইয়ের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। সে সময়েই বোঝা গিয়েছিল সিনেমাটিতে তিনি থাকছেন। এবার ভ্যারাইটি সেটা জানাচ্ছে। তবে সিনেমায় আর কে অভিনয় করছেন, তা জানানো হয়নি।
লিন্ডা রনস্ট্যাড যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় শিল্পী। তিনি কান্ট্রি সং ও রক এন রোলের জন্য বিখ্যাত। পাশাপাশি লাতিন সংগীতে তাকে কিংবদন্তি মনে করা হয়। ১৯৭০ সালে তার অ্যালবার ‘হার্ট লাইক আ হুইল’ ও ‘সিম্পল ড্রিমস’ জনপ্রিয় হয়েছিল। তার ২৯টি স্টুডিও অ্যালবাম প্রকাশ হয়েছে। ১১টি গ্র্যামি জিতেছিলেন লিন্ডা। এছাড়া রেকর্ডিং একাডেমি তাকে সম্মানিত করার পাশাপাশি লাতিন রেকর্ডিং একাডেমি দিয়েছে আজীবন সম্মাননা। ২০১৪ সালে পেয়েছেন রক অ্যান্ড রোল হল অব ফেম। এদিকে রাসেল একজন অস্কার মনোনয়ন পাওয়া নির্মাতা। তার সিনেমার মধ্যে থ্রি কিংস, দ্য ফাইটার, সিলভার লাইনিংস প্লেবুক ও আমেরিকান হাসল জনপ্রিয় ও প্রশংসিত। এমন একজন নির্মাতার হাতে লিন্ডার বায়োপিক থাকায় অনেকেই দারুণ আশাবাদী। বিশেষত গত কয়েক বছর জীবনীভিত্তিক সিনেমায় হলিউড বেশ ভালো করেছে। সেখানে রাসেলের নতুন সিনেমাটি আরেকটা উদাহরণ হবে বলেই মনে করছেন সবাই। রনস্ট্যাডের পাঁচ দশকের ক্যারিয়ারে নানা ঘটনাই আছে। আর সেসব ফিকশনে নতুন করে উপস্থাপন হবে দর্শকের সামনে।
সূত্র: ভ্যারাইটি










