ঈদুল আজহার আজ দ্বিতীয় দিন। প্রতিটি চ্যানেলেই থাকছে ঈদের বিশেষ আয়োজন। এ উপলক্ষে চ্যানেলগুলো দর্শকের জন্য তাদের অনুষ্ঠানমালায় রাখছে একক, ধারাবাহিক নাটক ও সিনেমা। গানের অনুষ্ঠানও থাকছে।

বিকাল ৫টায় আরটিভিতে থাকছে বাংলা গায়েন ও ইয়াং স্টার শিল্পীদের নিয়ে ফোক ম্যাশআপ ২.০। ইমতু রাতিশের উপস্থাপনায় টক শো ঈদ কার্নিভাল থাকছে সন্ধ্যা ৬টায়। চ্যানেলটিতে বেশ কয়েকটি একক নাটক আছে আজ। সন্ধ্যা সাড়ে ৭টায় ‘প্যাকেজ ট্যুর’ প্রচার হবে। একক এ নাটকে অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষি আলম, অনিক প্রমুখ। রাত সাড়ে ৮টায় ‘যে পাখি ঘর বোঝে না’ নাটকে দেখা যাবে মুশফিক ফারহান ও তানিয়া বৃষ্টিকে। তানিয়া বৃষ্টির সঙ্গে মোশাররফ করিমকে দেখা যাবে ‘জায়গায় ব্রেক’ নাটকে। নাটকটি রাত সাড়ে ৯টায় প্রচার হবে। রাত ১১টায় থাকছে ‘বিয়ে বাড়ির চোর’।

সাত পর্বের ধারাবাহিক নাটক ‘মিস্টার যুক্তিবাদী’ প্রচার হবে সন্ধ্যা ৭টায়। সিনেমা ‘চাচ্চু আমার চাচ্চু’ ও ‘শিকারি’ প্রচার হয়েছে সকাল ১০টা ও বেলা ২টায়। চ্যানেল আইয়ে সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হয়েছে সিনেমা ‘আশীর্বাদ’। বেলা ২টায় প্রচার হয়েছে ভিকি জাহেদের টেলিফিল্ম ‘তিথিডোর’। অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। ঈদে এটিই ছিল তার একমাত্র কাজ।

সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘নয়নতারা’। অভিনয়ে তৌসিফ মাহবুব, তানজিম সাইয়ারা তটিনী।

ছোটকাকু সিরিজের এবারের কিস্তিতে আছেন ভাবনা। ছবি: অভিনেত্রীর ফেসবুক

সালাহউদ্দিন লাভলু পরিচালিত ‘পোকা দিয়ে পোকা ধরা’ প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে। নাটকটি রচনা করেছেন মাসুম রেজা। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নাঈমা আলম মাহা, রহমত আলী, ওয়াহিদা মল্লিক জলি, তুষার খান, আলতাব উদ্দিন, রিপন প্রমুখ। ছোটকাকু সিরিজের ফরিদুর রেজা সাগরের ছোটকাকু সিরিজের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘হবিগঞ্জের হরবোলা’ দেখা যাবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। এটি নাট্যরূপ ও পরিচালনায় আফজাল হোসেন।

বাংলাভিশনে বিকাল ৫টা ২৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘আহারে মন’। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে মিথ্যার বাজার ভালো ও রাত ৯টা ২৫ মিনিটে ‘লাভ অ্যাকসিডেন্ট-২’। বাংলাভিশনে থাকছে দুটি ধারাবাহিক। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ‘হা-ডু-ডু’ ও রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে ‘মান্না তো ভালোই ছিল’।

এটিএন বাংলায় প্রচার হবে ‘জামাই নাম্বার ওয়ান’ (সন্ধ্যা ৭টা ৪০), ‘অন্তরে অন্তরে’ (৮টা ৪৫) ও বিশেষ টেলিফিল্ম ‘মিস্টার চালাক’। এছাড়া থাকছে গান ও নৃত্যানুষ্ঠান।

বাংলাদেশ টেলিভিশনে বিকাল ৫টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক চার মূর্তির ৩য় পর্ব। রাত ৮টা ৩০ মিনিটে থাকছে নাটক ‘অবিরাম দেবদাস’। এছাড়া সঙ্গীতানুষ্ঠান, ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান, ছায়াছন্দের পাশাপাশি থাকছে চলচ্চিত্রও।