বড় পর্দায় অভিষেকের পর থেকে নাটক ও ওটিটি কনটেন্টে তুলনামূলকভাবে অনেকটাই অনুপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনে দীর্ঘদিন ধরে তার ব্যাপক উপস্থিতি থাকলেও সিনেমায় নিয়মিত হওয়া বা ওয়েব কনটেন্টে কাজ করা নিয়ে দর্শকের মধ্যে কৌতূহল ছিল সবসময়। চলতি বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া তার অভিনীত দ্বিতীয় সিনেমা ‘দাগী’ দর্শকপ্রিয়তা পায়।

তবে ভক্তদের জন্য আরো বড় খবর হলো, প্রায় তিন বছর পর আফরান নিশোকে দেখা যাবে একটি ওয়েব সিরিজে। নির্মাতা ভিকি জাহেদ পরিচালিত সিরিজটির নাম আকা। পরিচালক ও অভিনেতা দুজনের জন্যই এ প্রজেক্টকে ভিন্নধর্মী বলা হচ্ছে। কারণ এটি কেবল একটি রহস্য-রোমাঞ্চধর্মী গল্প নয়, বরং ন্যায়-অন্যায়, প্রতিশোধ আর মানবিক আবেগের মিশেলে তৈরি এক ধরনের সামাজিক থ্রিলার।

সিরিজটিতে নিশোর বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মাসুদা রহমান নাবিলা। ‘আয়নাবাজি’ ও সাম্প্রতিক ব্লকবাস্টার ‘তুফান’-এর মাধ্যমে আলোচিত এ অভিনেত্রী এবার নতুন এক রূপে হাজির হতে যাচ্ছেন আকায়। ফলে দর্শক নিশো-নাবিলা জুটির নতুন কেমিস্ট্রিও দেখতে পাবেন এ সিরিজে।

গতকাল প্রকাশ হয়েছে সিরিজটির দ্বিতীয় পোস্টার, যা এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। পোস্টারটি ফেসবুকে শেয়ার করে ভিকি জাহেদ লিখেছেন, ‘অসহায় তাড়িয়ে বেড়াও/ কাছে টানো হিংস্র শ্বাপদ/ ভাবছো যেটা বীরের প্রতীক/ আসলে সে মস্ত আপদ!’

এ ক্যাপশন থেকে সিরিজটির গল্পে ভিন্নধর্মী ধারা ও গভীর দার্শনিক দৃষ্টিভঙ্গির ইঙ্গিত মেলে।

পোস্টারে আফরান নিশোকে দেখা গেছে দুটি বিপরীতধর্মী চরিত্রে। একদিকে ভয়ংকর-অ্যাকশনমুখী এক যোদ্ধা, অন্যদিকে একেবারে সাদামাটা এক যুবক। দুই চেহারার এ বৈপরীত্য দর্শকের মনে কৌতূহল জাগাচ্ছে। বোঝা যাচ্ছে, আকায় থাকছে চমকপ্রদ বাঁক বদল।

সিরিজটি নিয়ে দর্শকের আগ্রহ দিন দিন বাড়ছে। জানা গেছে, আগামী ৪ সেপ্টেম্বর ওটিটি প্লাটফর্ম হইচইয়ে মুক্তি পাচ্ছে আকা।