নির্মাতা ক্রিস্টোফার নোলান নতুন দায়িত্ব পেলেন। তিনি ডিরেক্টরস গিল্ড অব আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এ নিয়ে নোলান বলেন, ‘ডিরেক্টরস গিল্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া আমার পুরো ক্যারিয়ারের অন্যতম সম্মানজনক অর্জন।’ নোলান জানিয়েছেন, তিনি সর্বোচ্চ নিষ্ঠা দিয়ে তার নতুন দায়িত্ব নির্বাহ করবেন।

অস্কারজয়ী নির্মাতা নোলান তার প্রজন্মের অন্যতম সফল পরিচালক। ডিরেক্টরস গিল্ড অব আমেরিকার নতুন সভাপতি হিসেবে লেসলি লিংকা গ্ল্যাটারের স্থলাভিষিক্ত হলেন তিনি। গ্ল্যাটার দুই মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেন এবং প্রথমবার ২০২১ সালে নির্বাচিত হন। নোলান কিছু সময় ধরে ডিরেক্টরস গিল্ড অব আমেরিকার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত এবং বর্তমানে সংগঠনটির জাতীয় পরিচালনা পর্ষদের সদস্য।

গত চার বছরে ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোয় বিভিন্ন সেট নিরাপত্তা ইস্যু নিয়ে লবিংয়ে জোর দিয়েছে। সংগঠনটি একটি পাইলট প্রকল্প চালুর পক্ষে সওয়াল করেছে, যার অধীনে ক্যালিফোর্নিয়ার ফিল্ম ও টিভি ট্যাক্স ইনসেনটিভের আওতায় পড়া প্রযোজনাগুলোর সেটে নিরাপত্তা তত্ত্বাবধায়কের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে।

এই বছর ক্যালিফোর্নিয়ার ট্যাক্স ক্রেডিট সম্প্রসারণ ও এর আওতায় আরো বিস্তৃত ধরনের প্রযোজনাকে অন্তর্ভুক্ত করার জন্য ডিরেক্টরস গিল্ড জোরালো চেষ্টা করেছে।