বাংলাভিশন ও দীপ্ত টিভিতে আজ শুরু হতে যাচ্ছে দুটি নতুন মিউজিক্যাল শো। অনুষ্ঠান দুটি প্রতি বৃহস্পতিবার প্রচারিত হবে।

‘সাধু সংগীত’ : বাংলাভিশনে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ফোক ঘরানার তথ্যভিত্তিক নতুন ও ভিন্নধর্মী বিশেষ সংগীতানুষ্ঠান ‘সাধু সংগীত’। প্রতি বৃহস্পতিবার একই সময়ে অনুষ্ঠানটি উপভোগ করা যাবে। এরই মধ্যে অনুষ্ঠানটির প্রথম তিনটি পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। এতে অংশ নিয়েছেন ঐশী, আশিক ও দিপা। প্রত্যেকে প্রতি পর্বে চারটি ফোক গান পরিবেশন করেছেন। প্রথম পর্বের অতিথি কণ্ঠশিল্পী ঐশী। দ্বিতীয় ও তৃতীয় পর্বের অতিথি আশিক ও দিপা। এটি প্রযোজনা করেছেন তাহমিনা মুক্তা।

২০১৩ সাল থেকে বাংলাভিশন বিভিন্ন উৎসবে ফোক গানের ভিন্নধর্মী অনুষ্ঠানের আয়োজন করে আসছে, এখন থেকে প্রতি সপ্তাহে প্রচারিত হবে।

চ্যানেলটির অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, ‘আমরা ২০১৩ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত বিএফডিসি ও আমাদের নিজস্ব স্টুডিওতে সেট নির্মাণ করে বিভিন্ন উৎসব, ফোক গানের রচয়িতা-গায়কদের জন্ম ও মৃত্যুবার্ষিকীতে বিশেষ সংগীতানুষ্ঠানের আয়োজন করে আসছি। এমনকি আধুনিক গানের শিল্পীদের আমন্ত্রণ জানিয়ে তাদের কণ্ঠে ফোক গানের অনুষ্ঠান দীর্ঘদিন ধরে নির্মাণ করেছি। এখন পরিকল্পনা করেছি, নিয়মিতভাবে তথ্যভিত্তিক নতুন ও ভিন্নধর্মী এ সংগীতায়োজন প্রতি সপ্তাহে বাংলাভিশনে প্রচারিত হবে। আশা করি, দর্শকদের ভালো লাগবে।’

‘বেঙ্গল বয়েজ ফিউশন স্টেশন’ : এদিকে দীপ্ত টিভিতেও আজ শুরু হচ্ছে নতুন মিউজিক্যাল শো ’বেঙ্গল বয়েজ ফিউশন স্টেশন’। অনুষ্ঠানটি প্রতি বৃহস্পতিবার রাত ১১টায় উপভোগ করা যাবে। এ মিউজিক্যাল শোয়ের প্রতিপর্বে জনপ্রিয় ব্যান্ড বেঙ্গল বয়েজের সঙ্গে পারফর্ম করবেন দেশের নামকরা শিল্পীরা। এ ধারাবাহিকতায় আজকের পর্বের অতিথি হিসেবে গান পরিবেশন করবেন পিন্টু ঘোষ। অনুষ্ঠানটির প্রযোজনায় রয়েছেন সাইফুর রহমান সুজন।