আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মদিন। দিবসটি ঘিরে সারা দিন চলে নানা আয়োজন। টিভি পর্দাতেও থাকে কবিগুরুকে নিয়ে নানা আয়োজন। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) থাকছে বিশেষ আয়োজন। এর মধ্যে রয়েছে সংগীতানুষ্ঠান, কবিতা আবৃত্তি ও নাটক। বিশেষ সংগীতানুষ্ঠান প্রচারিত হবে আজ রাত ১০টা ২০ মিনিটে। অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করবেন রবীন্দ্রসংগীতশিল্পী বুলবুল ইসলাম, আজিজুর রহমান তুহিন, দেবলীনা সুর, তানজিনা তমা ও অনন্যা লাবণী পুতুল। তাসনুভা মোহনার উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আবু তৌহিদ। রয়েছে বিশেষ আবৃত্তি অনুষ্ঠান ‘জন্মকথা’। তামান্না তিথির উপস্থাপনায় এটি প্রচারিত আজ বিকাল সাড়ে ৪টায়। ঈমাম হোসাইনের প্রযোজনায় রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেছেন আবৃত্তিকার বেলায়েত হোসেন, রেজিনা ওয়ালী লীনা, লায়লা আফরোজ, ইকবাল খোরশেদ, ফারহানা তৃণা, দেওয়ান সাইদুল হাসান, শওকত আলী ও লায়লা তারান্নুম কাকলী।
এছাড়া প্রচারিত হবে সংগীতানুষ্ঠান ‘তোমায় গান শোনাব’, ‘গীতবিতান’, ‘গীতিমাল্য’, ‘গানের ঝর্ণাতলায়’ ও ‘ভালোবাসো যদি সখি’। সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘শেষের কবিতা’র শেষ পর্ব। রাত ৯টায় প্রচারিত হবে নাটক ‘অপরিচিতা’।










