হঠাৎ করেই একটা সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রি কাঁপিয়েছিলেন ঋষভ শেঠি। নায়কোচিত চেহারা নেই, সিনেমায় সুন্দরী নায়িকা নেই, বড় বাজেট নেই। এরই মধ্যে সিনেমা দর্শকের পছন্দ হলো, আয় করল খরচের চেয়ে অনেক বেশি। কথা হচ্ছে ঋষভ শেঠি পরিচালিত ও অভিনীত ‘‌কানতারা’ নিয়ে। ২০২২ সালে মুক্তি পাওয়া এ সিনেমার এক্স ফ্যাক্টর ছিল আঞ্চলিকতা। ঋষভ তার নিজের অঞ্চলের লোক-পুরাণ এনেছিলেন সিনেমায়। তাকে পরিচয় করিয়ে দিয়েছেন বৃহত্তর জনগোষ্ঠীর সঙ্গে। দারুণ জনপ্রিয়তা পাওয়ায় গল্প নিয়ে নতুন করে ভেবেছেন ঋষভ। আনছেন কানতারার প্রিকুয়াল ‘‌কানতারা: চ্যাপ্টার ওয়ান’। সম্প্রতি প্রকাশ হয়েছে এর ফার্স্ট লুক। সেখানে বোঝাই যাচ্ছে, পুরাণকে ফিরিয়ে আনছেন ঋষভ শেঠি।

কানতারায় দর্শক দেখেছিলেন একটি অঞ্চলের সংস্কৃতি ও সেখানকার দেবতা তথা দেইবের গল্প। এবার ঋষভ আনছেন সে দেবতা বা কিংবদন্তির জন্মকথা। কানতারা: চ্যাপ্টার ওয়ানের টিজারে দেখা গেল সে কিংবদন্তিকে। তাকে স্পষ্ট করা হয়নি, কিন্তু পৌরাণিক ভাবটা স্পষ্ট। পুরাণ ও লোকপুরাণ যারা জানেন, তারা সহজেই মেলাতে পারবেন। এর আগেও সিনেমা বা গল্পে তারা পড়েছেন এমন বিষয়। সে একই রকম ধূসর ভাব, অস্পষ্টতা নিয়ে কাজ করেছে কানতারার টিম। এর সঙ্গে টিজারে দেখা যাচ্ছে রক্তাক্ত এক কিংবদন্তিকে। এটি তার শক্তির পরিচয়। একটা দৃশ্যে চোখ দেখা যায়, সেখানে দর্শক চোখের রঙ দেখে ভাবতে বাধ্য হবেন তারা নায়ককে দেখছেন নাকি খলনায়ককে।

তাহলে প্রশ্ন আসে ঋষভ এ সিনেমায় কী দেখাবেন?

ভারতীয় গণমাধ্যমে অনেকেই লিখেছেন যে ঋষভ এ সিনেমায় কদম্ব রাজবংশের গল্পটা বলবেন। কদম্ব মূলত কর্ণাটকের অন্যতম পুরনো ও অভিজাত বংশ। কর্ণাটক ও কন্নড়ভাষী জনতার জন্য এ রাজবংশ ও তার ইতিহাস গুরুত্বপূর্ণ। যদিও এখন তা হারিয়ে গেছে অনেকটাই।

কানতারায় দর্শক দেখেছেন দেইবকে। প্রশ্ন হচ্ছে দেইব আসলে কে? তার সূচনা কীভাবে। হতে পারে সে গল্পটাও ঋষভ এবার বলবেন। কেননা দেইবের পুরো ঘটনাটা কর্ণাটকের সঙ্গে জড়িত।

নতুন সিনেমাটি নিয়ে ঋষভের পরিকল্পনা অনেক বড়। বেশ কয়েকটি চমক দিয়েছেন তিনি। নির্মাণ দেখে মনে হচ্ছে আগের সিনেমার তুলনায় অনেক বেশি পরিকল্পনা করেছেন। খরচও বেড়েছে। এছাড়া সবচেয়ে বড় চমক দিয়েছেন ভাষা নিয়ে। সাতটি ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। এগুলো হলো কন্নড়, তামিল, তেলেগু, হিন্দি, মালয়ালম, ইংরেজি ও বাংলা। সাধারণত বাংলায় দক্ষিণের সিনেমা খুব কমই মুক্তি পেয়েছে।

কানতারা: চ্যাপ্টার ওয়ানের কেবল টিজারই মুক্তি পেয়েছে। এর অন্যান্য কাজ এখনো পুরোদমে শুরু হয়নি। তবে সিনেমাটি নিয়ে এরই মধ্যে তৈরি হয়েছে ইতিবাচক মনোভাব। ধারণা করা হচ্ছে ২০২৪ সালে সিনেমাটি বক্স অফিস ও দর্শকের মন, দুই-ই জয় করবে।

সূত্র: বলিউড হাঙ্গামা