ওয়ার্নার ব্রোস থেকে জানানো হয়েছে ২০২৩ সালে আসছে না ‘ডুন টু’। সিনেমাটি পিছিয়ে গেছে নানা কারণে। এর মধ্যে প্রথম ও প্রধান কারণ চিত্রনাট্যকার ও রেডিও-টেলিভিশন অভিনেতাদের ধর্মঘট। সিনেমার কাজ বিলম্বিত হয়েছে এ কারণে। স্টুডিওর পক্ষ থেকে জানানো হয়েছে সিনেমাটি মুক্তি পাবে আগামী বছরের মার্চে। ডুন পেছানোর মধ্য দিয়ে লাভবান হলো ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’। অস্কার দৌড়ে একটি শক্ত প্রতিদ্বন্দ্বী সরে যাওয়ার কারণে সিনেমাটি অস্কার দৌড়ে এগিয়ে গেল আরো অনেকটা। এমনিতেই নোলানের ওপেনহাইমার অস্কার-প্রত্যাশী সিনেমা কিন্তু গল্প, নির্মাণ ও ভিজুয়ালের কারণে ডুন এগিয়ে যেত অনেকটা। আছে আরো কিছু বিষয়।
ডুন এসেছিল অনেকটা ঝড়ের মতো। ফ্র্যাংক হারবার্টের উপন্যাস ‘ডুন’ থেকে সিনেমা নির্মাণ সম্ভব, এটাই মানতে চাইতেন না অনেকে। চেষ্টাও হয়েছে, কিন্তু তা সফল হয়নি। এরপর দেনি ভিলেনোভ এলেন সিনেমাটি নিয়ে। অপ্রত্যাশিত সাফল্য পেল সিনেমাটি। কভিড-১৯ মহামারীর ঝাপটা তখনো যায়নি। সিনেমা হলে দর্শক উপস্থিতি ছিল কম। এরই মধ্যে বক্স অফিসকে ব্যবসা দিয়েছিল এটি। এরপর যা হলো তা মোটামুটি ইতিহাস। সিনেমাটি অস্কার দৌড়েও এগিয়ে থাকল অনেকটা। আশা সবার ছিল না, কেননা সাই-ফাই থেকে একাডেমি অ্যাওয়ার্ড আশা করা কঠিন। কিন্তু ডুন সেখানেও বাজিমাত করল। পেয়ে গেল ছয়টি অস্কার। এবারো সে ধারাবাহিকতা রাখতে পারত সিনেমাটি। বিশেষত ভিজুয়াল ইফেক্টের ক্ষেত্রে ডুনের সমকক্ষ আর হওয়া সম্ভব ছিল না। কিন্তু এখন এসব শঙ্কা থাকছে না।
এদিকে ওপেনহাইমার নিয়েও আশা আকাশসম। ওপেনহাইমার এ বছর বক্স অফিসে দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা। পাশাপাশি নোলানের ক্যারিশমা তো আছেই। সিনেমা হিসেবে ওপেনহাইমারকে নিয়ে সবাই আশাবাদী। মুক্তির পর নানা কারণে সমালোচনার মুখেও পড়েছে সিনেমাটি, কিন্তু অস্কারের জন্য ওপেনহাইমারকে টেক্কা দেয়ার মতো সিনেমা কম। এদিকে ইউনিভার্সাল পিকচার্স আশা করে আছে একটি অস্কারের জন্য। ২০১৮ সাল থেকেই তারা চাতকের মতো অপেক্ষা করছে। এর মধ্যে ২০১৯ সালের সিনেমা ‘১৯১৭’ একটুর জন্য মিস করে যায়। এরপর একই ঘটনা ঘটে ‘দ্য ফেবলম্যানস’-এর ক্ষেত্রেও। ফলে এবার তারা ওপেনহাইমার নিয়ে যথাসম্ভব প্রচার প্রচারণা করে যাবে। ডুন মুক্তি না পাওয়ায় ইউনিভার্সালের দুশ্চিন্তা কমবে অনেকটা।
অস্কারে বেশকিছু বিষয় মাথায় রাখা হয়। এর মধ্যে প্রযুক্তিবিষয়ক সিনেমা একটি। এছাড়া থাকে পিরিয়ড ফিল্ম। দুটোই আছে ওপেনহাইমারের মধ্যে। সে কারণে ওপেনহাইমার এগিয়ে থাকছে আরো এক ধাপ। সেরা সিনেমা হওয়ার মতো সব যোগ্যতাই আছে এ সিনেমার। সম্ভাবনা ছিল ডুন টুয়েরও। দুটো সিনেমার মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা হতো। সেটা আর হচ্ছে না।
সূত্র: ভ্যারাইটি










