বাংলা গানের নন্দিত আটজন শিল্পী নিয়ে গান বেঁধেছেন গীতিকবি আসিফ ইকবাল। আট গানের এ বিশেষ অ্যালবামের নাম ‘ঐশ্বর্য’। এটি প্রকাশ করতে যাচ্ছে গানচিল মিউজিক। গানগুলোর সুর ও সংগীত পরিচালনায় আছেন শাহবাজ খান পিলু, মীর মাসুম ও কিশোর দাস।
গানগুলোয় কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদী, তপন চৌধুরী, কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, আগুন, শাফিন আহমেদ, পার্থ বড়ুয়া ও বাপ্পা মজুমদার। গানগুলোর শিরোনাম ‘এমন আজ কী ভেবে’, ‘আমার এ গান’, ‘আর কোনো অনুতাপ নেই’, ‘এ জীবনের পথে পথে’, ‘অন্ধ আবেগ’, ‘অন্দর-বাহির’, ‘পিছু না ফিরে’ ও ‘ভোরের সূর্যালোক’।
গানচিলের আয়োজনের এ আট শিল্পী বাংলা গানের ভুবনে পরিচিতই কেবল নন, নন্দিত। একটা দীর্ঘ সময় তারা বাংলা গানে নিজেদের নিবেদিত রেখেছেন। নতুন এ আয়োজনে তাদের যুক্ত করার পেছনে গানচিলের অন্যতম উদ্দেশ্য গুণী এ শিল্পীদের আবার সবার সামনে নিয়ে আসা। এখন অ্যালবামের পাশাপাশি নানা স্ট্রিমিং প্লাটফর্মেও তাদের আনা যায়। সে ইচ্ছারই প্রতিফলন ঘটেছে এখানে।
গানগুলো সম্পর্কে আসিফ ইকবাল বলেন, ‘বাংলা গানের ইতিহাস যখন লেখা হবে, তখন এ মানুষগুলোকে আমাদের গানের ঐশ্বর্য হিসেবে ধরা হবে। সে ভাবনা থেকেই তাদের নিয়ে অ্যালবামটি করা এবং এর নামকরণের সার্থকতা খুঁজে পাওয়া। এ নন্দিত শিল্পীদের ব্যাপারে তরুণ প্রজন্মের ছেলেমেয়েদের আরো আগ্রহী করে তোলা এবং পুরনো শ্রোতাদের নস্টালজিয়ার একটা সুবাতাস বইয়ে দেয়ার লক্ষ্যে এ অ্যালবামের উদ্যোগ নিয়েছিলাম। আর লিরিক্যাল ভিডিও প্রকাশ করার উদ্দেশ্য হচ্ছে গানের কথা-সুর ও গায়কিকে বেশি গুরুত্ব দেয়া। মাসব্যাপী গানচিল মিউজিক থেকে গানগুলো প্রকাশ পেতে থাকবে। আশা করি শ্রোতাদের বেশ ভালো লাগবে।’
৯ মে থেকে ধারাবাহিকভাবে প্রকাশ পাবে গানগুলো। গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে লিরিক্যাল ভিডিওর পাশাপাশি এসব গান শুনতে পাওয়া যাবে দেশী ও আন্তর্জাতিক সব অডিও স্ট্রিমিং প্লাটফর্মে।










