এ বছর ছিল ফিল্মফেয়ারের ৭০তম আসর। ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে বেসরকারি পুরস্কারের ক্ষেত্রে এটি সবচেয়ে বড় ও জনপ্রিয়। প্রতি বছর আগের বছরের সিনেমা থেকে বাছাই করা হয় সেরাদের। এ বছরও ব্যতিক্রম হয়নি। গতকাল আহমেদাবাদের কঙ্করিয়া লেকের ইকেএ এরেনায় বসেছিল এবারের আসর। অনুষ্ঠান উপস্থাপনা করেন শাহরুখ খান, করণ জোহর ও মনিশ পল। এ আসরে পারফর্ম করেছেন শাহরুখ খান, কৃতি শ্যানন ও কাজল। এছাড়া অন্যদের পারফরম্যান্স তো ছিলই।
এবারের ফিল্মফেয়ারে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে লাপাতা লেডিজ। এছাড়া সেরা অভিনেত্রী ও ‘অভিষেক’ সিনেমায় সেরা অভিনেত্রী ইত্যাদি মিলিয়ে মোট ১৩টি পুরস্কার জিতেছে লাপাতা লেডিজ। এর আগে গালি বয় পেয়েছিল ১৩টি পুরস্কার।
এবারের ফিল্মফেয়ার নানা কারণেই ভিন্ন হয়েছে। জৌলুশ আগের মতো থাকলেও কথা হচ্ছে তুলনামূলক কম। পুরস্কারের ক্ষেত্রেও দেখা গেছে ভিন্নতা। পাশাপাশি এবার বিভিন্ন বিভাগ মিলিয়ে অনেককেই পুরস্কার দিয়েছে ফিল্মফেয়ার। বলা যায়, তারা ‘ফেয়ার’ থাকার চেষ্টা করেছে। যেমন পপুলার বা জনপ্রিয় বিভাগে সেরা অভিনেতা-অভিনেত্রীর পুরস্কার দেয়ার পাশপাশি সমালোচক পছন্দেও অন্যদের পুরস্কার দেয়া হয়েছে।
পপুলার চয়েজে অভিনেত্রী হিসেবে সেরা হয়েছেন আলিয়া ভাট, আবার সমালোচক ভোটে সেরা হলেন প্রতিভা রত্ন। অন্যদিকে পপুলার চয়েজেই সেরা অভিনেতার পুরস্কার দেয়া হয়েছে দুজনকে—অভিষেক বচ্চন ও কার্তিক আরিয়ান। এ নিয়ে নানা রকম কথা হচ্ছে। যেমন কার্তিক ও অভিষেকের সিনেমাদুটো জনপ্রিয় সিনেমার তালিকায় না থাকার পরও তারা জনপ্রিয় বিভাগে পুরস্কার পেলেন। তবে অন্যান্য পুরস্কার, বিশেষত লাপাতা লেডিজ এ বছর সেরার পুরস্কার জিতবে, তা অনেকেই ভেবে নিয়েছিলেন। বাস্তবেও সেটাই হয়েছে।
ভারতের পুরস্কার অনুষ্ঠান মানেই পারফরম্যান্স থাকবে। এবারো ছিল। শাহরুখ খান, কৃতি শ্যাননের পারফরম্যান্স ছিল সবেচেয়ে মনোজ্ঞ। উপস্থাপনায় পুরোটা সময় মাতিয়ে রাখেন শাহরুখ, করণ ও মনীষ। তবে এবার শাহরুখ খান ও কাজলের একটি পারফরম্যান্স সবাইকে মুগ্ধ করেছে। মূলত ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার ‘কোই লাড়কি হ্যায়’ গানে পারফর্ম করেন দুজন। এনার্জি প্যাকড পারফরম্যান্স না, দুজনের খুনসুটি মনে করিয়ে দেয় কুছ কুছ হোতা হ্যায়ের রাহুল-অঞ্জলিকে।
আরো একটি বিষয় দর্শকের নজর কেড়েছে। সেরা নবাগত অভিনেতা নির্বাচিত হয়েছেন লক্ষ্য লালওয়ানি। পুরস্কার নেয়ার সময় মঞ্চে তার সঙ্গে ছিলেন শাহরুখ খান। ঠিক এমনই একটি দৃশ্য আছে আরিয়ান খান পরিচালিত ওয়েব সিরিজ ‘ব্যা***ডস অব বলিউড’-এ।
সেরা সিনেমা: লাপাতা লেডিজ
সেরা পরিচালক: কিরণ রাও (লাপাতা লেডিজ)
সেরা অভিনেতা (পপুলার): অভিষেক বচ্চন (আই ওয়ান্ট টু টক), কার্তিক আরিয়ান (চান্দু চ্যাম্পিয়ন)
সেরা অভিনেত্রী (পপুলার): আলিয়া ভাট
সেরা অভিনেতা (সমালোচক পুরস্কার): রাজকুমার রাও (শ্রীকান্ত)
সেরা অভিনেত্রী (সমালোচক পুরস্কার): প্রতিভা রত্ন (লাপাতা লেডিজ)
সেরা সিনেমা (সমালোচক পুরস্কার): আই ওয়ান্ট টু টক (সুজিত সরকার)
সেরা নবাগত অভিনেতা: লক্ষ্য (কিল)
সেরা নবাগত অভিনেত্রী: নীতাংশী গোয়েল (লাপাতা লেডিজ)
সেরা নবাগত পরিচালক: কুনাল খেমু (মাডগাও এক্সপ্রেস)
সেরা পার্শ্ব অভিনেতা: রবি কিশান (লাপাতা লেডিজ)
সেরা পার্শ্ব অভিনেত্রী: ছায়া কদম (লাপাতা লেডিজ)
সেরা প্লেব্যাক গায়ক: অরিজিত সিং (লাপাতা লেডিজ)
সেরা প্লেব্যাক গায়িকা: মধুবন্তী বাগচী (স্ত্রী টু)










