জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসকে ঘিরে বিশেষ আয়োজন করেছে চ্যানেল আই। আগামীকাল সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচারিত হবে নজরুলসংগীতের অন্যতম প্রধান শিল্পী ফেরদৌস আরার একক পরিবেশনা ‘মোরা আর জনমে’। নজরুলের গান পরিবেশনার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে স্বতন্ত্রতা ও পরিশীলিত শিল্পভাবনা দিয়ে দর্শক-শ্রোতাকে মুগ্ধ করে আসছেন তিনি। তবে এবারের আয়োজনকে বলা হচ্ছে একেবারেই ব্যতিক্রমী। কারণ এই প্রথম পর্যটন নগরী কুয়াকাটার সমুদ্রসৈকতের বালুকাবেলা ও প্রকৃতির মনোমুগ্ধকর পরিবেশে শুটিং করা হয়েছে নজরুলের গান।
অনুষ্ঠানটিতে থাকছে নজরুলের বেশকিছু জনপ্রিয় গান। এর মধ্যে উল্লেখযোগ্য ‘তেপান্তরের মাঠে’, ‘মোরা আর জনমে’, ‘এ কোন মায়ায়’ ও ‘দোলে বন-তমালের ঝুলনাতে’। বিশেষভাবে আলোচনায় রয়েছে দোলে বন-তমালের ঝুলনাতে গানটি, যা এবারই প্রথমবারের মতো আউটডোর লোকেশনে ধারণ করা হয়েছে। কুয়াকাটা ছাড়াও ঢাকার বিভিন্ন স্থানের মনোরম লোকেশন ব্যবহার করা হয়েছে এ গানের ভিডিওচিত্র ধারণে। প্রাকৃতিক পরিবেশে নজরুলের গানের সঙ্গে সুর, বাণী ও আবেগের এক অনন্য সমন্বয় দর্শকের কাছে বিশেষ আবেদন সৃষ্টি করবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের।
ফেরদৌস আরা জানান, নজরুলের গান মানুষের হৃদয়ে চিরকালীন আবেগ জাগায়। তবে প্রকৃতির বুকে দাঁড়িয়ে গান গাওয়ার অভিজ্ঞতা তার শিল্পীজীবনে একেবারেই নতুন। দর্শক-শ্রোতা এ পরিবেশনার মাধ্যমে অন্য রকম এক আবহ অনুভব করবেন বলে তিনি আশাবাদী। তার ভাষায়, ‘নজরুলের প্রতিটি গানই আলাদা আবেগ বহন করে, সে আবেগ যদি প্রকৃতির খোলা আকাশ আর সমুদ্রের গর্জনের সঙ্গে মিশে যায়, তবে সেটা শ্রোতাদের মনে অন্য রকম ছাপ ফেলবেই।’
এ বিশেষ অনুষ্ঠানের প্রযোজনায় ছিলেন অনন্যা রুমা। তার মতে, নজরুলের গানকে নতুন প্রজন্মের কাছে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করাই ছিল মূল লক্ষ্য। তাই স্টুডিও বা প্রচলিত মঞ্চের বাইরে গিয়ে প্রকৃতির মাঝে ধারণ করা হয়েছে গানগুলো। অনন্যা রুমা আশা করছেন, অনুষ্ঠানটি দর্শক-শ্রোতার কাছে শুধু একটি সংগীতানুষ্ঠান নয়, বরং নজরুলচর্চার প্রতি নতুন অনুরাগ জাগাবে।
ফেরদৌস আরার দীর্ঘ ক্যারিয়ারে বহুবার নজরুলের গান নিয়ে একক পরিবেশনা হলেও কুয়াকাটায় ধারণ করা এ অনুষ্ঠান তার শিল্পীজীবনে এক নতুন সংযোজন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। দর্শক নজরুলের সুর, বাণী ও সংগীত ভাবনার পাশাপাশি প্রকৃতির সঙ্গে গানের মেলবন্ধনও উপভোগ করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।










