বলিউডের অন্যতম চলচ্চিত্র পরিচালক করণ জোহর। বাবা যশ রাজের কারণে ছোট থেকেই বলিউডের নির্মাতা ও তারকাদের সঙ্গে তার বন্ধুত্ব ছিল। প্রথম পরিচালিত সিনেমা ‘কুচ কুচ হোতা হ্যায়’ দিয়ে দর্শকের মন জয় করেছিলেন তিনি। সম্প্রতি এ নির্মাতা কথা বলেছেন ভারতীয় সংবাদমাধ্যম ফিল্ম কম্প্যানিয়নের সঙ্গে। এ সাক্ষাৎকারে তিনি তার সিনেমা নির্মাণ ও রোমান্স উপস্থাপন করার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার বিষয় নিয়ে কথা বলেছেন।
সম্প্রতি করণ জোহর তার সিনেমা নির্মাণে সৃজনশীল কাজের ধরন ও পরিচালক হিসেবে বিবর্তন নিয়ে মুখ খুলেছেন। এছাড়া তিনি তার আগের সিনেমাগুলো পরিচালনার ক্ষেত্রে কী ভুল করেছেন, তা স্বীকার করেছেন এবং ব্যাখ্যা করেছেন ধীরে ধীরে কীভাবে রোমান্সের ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে।
তিনি বুঝতে পেরেছিলেন, তিনি যেটাকে আবেগ মনে করতেন তা আসলে কাউকে বিরক্ত করা। সেক্ষেত্রে সিনেমা পরিচালক জয়া আখতারের পরামর্শ তার এ ভাবনা পরিবর্তনে কাজে দিয়েছে বলে জানান তিনি।
ফিল্ম কম্প্যানিয়নের সাক্ষাৎকারে করণ বলেন, ‘আমি কখনো ‘‘রকি আওর রানি’’ সিনেমাকে প্রেমের গল্প হিসেবে দেখিনি। এ সিনেমার মধ্য দিয়ে আমি সমাজের বিভিন্ন বিষয় তুলে আনতে চেষ্টা করেছি। আমার মূল লক্ষ্য ছিল সমাজে যে বিষয়গুলোকে নেতিবাচকভাবে দেখা হয় সেগুলো নতুন করে ব্যাখ্যা দেয়া। আমি নিজেও ভারতীয় সংগীতের সঙ্গে নাচ করে বেড়ে উঠেছি। এ কারণে আমি আমার বন্ধুদের উপহাসের পাত্রও হয়েছি। মানুষের জীবনে এমন অনেক প্রেমের গল্প থাকে, যা সে লুকিয়ে রাখে এবং আমি এ ব্যাপারগুলো আমার পরিবার থেকেই জেনেছি।’
করণ আরো বলেন, ‘আপনি সিনেমায় যখন ভুল কিছু তুলে ধরেন, তখন লোকেরা আপনাকে থামাতে চায়। এমনটা আমার সঙ্গেও হয়। একটা সময় আমি বিষয়টা নিয়ে বিরক্ত হয়ে গিয়েছিলাম। তবে সময়ের সঙ্গে আমিও বুঝতে পারি যে ভুল হলে তা দেখিয়ে দেয়া উচিত। ভুল থেকে নতুন করে পরবর্তী সময়ে কাজ করা আরো সহজ হয়ে যায়। একটা সময় আমি ভাবতাম, একজন নারীর পেছনে একজন পুরুষ ঘুরছে এটা খুব রোমান্টিক বিষয়, কিন্তু আমার বন্ধু জয়া আখতার আমার এ ভুল ভাঙিয়েছে।’
নিজের সিনেমা নির্মাণ নিয়ে বলতে গিয়ে করণ বলেন, ‘নারী ও পুরুষের উপস্থাপনা ও তাদের ভাবনা আমি কুচ কুচ হোতা হ্যায় সিনেমায় যেমন দিয়েছি, সেটার যে সমস্যা ছিল সেটা আমি রকি আওর রানিতে কাটিয়ে উঠতে চেষ্টা করেছি। আমি ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করেছি এবং আমার ভুল আমি বুঝেছি।’
করণ আরো জানান, বয়সের সঙ্গে সঙ্গে মানুষের পরিবর্তন আসে। ২০২৩ সালের জুলাইয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পায়, ‘রকি আওর রানি কি প্রেম কাহিনি’। এ সিনেমার মাধ্যমে অনেকদিন পর পরিচালনায় ফিরে আসেন করণ। রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত এ সিনেমায় সমালোচকদের ইতিবাচক সাড়া পেয়েছেন। এছাড়া বিশ্বব্যাপী সিনেমাটি প্রায় ৩৫০ কোটি ডলার আয় করেছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস










