ছোট পর্দার অভিনেতা মনির আহমেদ শিমুল। একসময়ে অভিনয়ে নিয়মিত দেখা গেলেও কালেভাদ্রে দেখা মেলে তার। সম্প্রতি তিনি অভিনয় করেছে ‘দম ফুরালেই ঠুস’ নাটকে। আজ রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে নাটকটি। লিটু সাখাওয়াতের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন শাহজামান মিয়া। এতে আরো অভিনয় করেছেন রিমি করিম, মাইশা, আশরাফুল আশিক ও আদিত্য আলম।
গত বছরের শেষে ওয়েব ‘রেড সার্কেল’-এর প্রধান চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছিলেন শিমুল। দীর্ঘদিন পর বিটিভির নাটকে অভিনয় করা প্রসঙ্গে মনির আহমেদ শিমুল জানান, ‘কিছুদিন আগেই নাটকটি শুটিং শেষ হয়েছে। গল্পটা দারুণ ও সময় উপযোগী। দর্শকের নাটকটি ভালো লাগবে বলে আশা করি।’
অন্যদিকে নাটকটি নিয়ে জানতে চাইলে শাহজামান মিয়া বলেন, ‘নাটকের গল্পে দেখা যাবে নজর মিয়া প্রায় ২০০ বছর আগে মারা গেছে। তার রেখে যাওয়া সম্পদ ভোগ করছে তারই ছোট ছেলের পোতা শামীম। একদিন আচমকা তার বাড়িতে হাজির হয় নজর মিয়া। মৃত লোককে ২০০ বছর পর জীবিত দেখে অবাক হয়ে যায় তার পরিবারের সবাই। শামীমের মতো হুবহু দেখতে নজর মিয়া জমির দলিল আর কাগজপত্র নিয়ে সম্পদের দাবি করতে থাকে। এ নিয়ে এগিয়ে যাবে নাটকের গল্প। নাটকের গল্পটা দর্শকের ভালো লাগবে কারণ এটা এ সময়ের গল্প। দর্শকের কথা ভেবেই নাটকটা করা।’










