দেশের ব্যস্ত অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। অভিনয়ের সঙ্গে এবার নতুন দায়িত্ব পালন করছেন তিনি। এ অভিনেত্রী মার্চের মাঝামাঝি সময় থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ‘প্রকাশনা ও গবেষণা’ বিভাগের পরিচালকের দায়িত্ব পালন করছেন।
নতুন এ যাত্রায় কেমন সময় কাটছে জ্যোতির, এ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার মনে হয় অভিনয় জীবন এক রকম আর চাকরি জীবনটা আরেক রকম। চাকরি করতে আমার এতটাই ভালো লাগছে যে অফিস থেকে বাসায় আসতে ইচ্ছে করে না। একাডেমির প্রত্যেকেই নিজের অবস্থান থেকে আমাকে ভীষণ সহযোগিতা করছেন। আমি সবসময়ই ক্রিয়েটিভ কাজ করতে পছন্দ করি। আমার ভালো লাগে প্রকাশনা ও গবেষনা বিষয়টি। প্রতিনিয়ত আমি নিজেকে নতুন করে আবিষ্কার করছি।’ অভিনয় নিয়েও ব্যস্ত আছেন জ্যোতি। তিনি জানান, এরই মধ্যে তাজু কামরুলের পরিচালনায় ছয় পর্বের ওয়েব সিরিজ ‘অমানবিক’-এর শুটিং শেষ করেছেন।
এর আগে সিনেমা প্রসঙ্গে জানতে চাইলে এ অভিনেত্রী জানান, কিছুদিন সাইফুল ইসলাম মান্নুর ‘অনাবৃত’ নামে আরেকটি ছবির শুটিং শেষ করেছেন। অন্যদিকে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমার নাম আগুনের পাখি, পরিচালনায় রয়েছেন আউয়াল চৌধুরী। বিষয়টি নিয়ে জ্যোতিকা জ্যোতি বলেন, ‘সত্য ঘটনা অবলম্বনে আমার আসন্ন সিনেমাটি হতে যাচ্ছে। নির্মাতা আউয়াল চৌধুরীর লেখা উপন্যাস আগুনের পাখি থেকেই এটি সিনেমায় রূপ নিচ্ছে। উপন্যাসের নামেই সিনেমার নাম রাখা হয়েছে। নারীদের সাহসিকতা ও আত্মমর্যাদার গল্প নিয়ে লেখা এটি। গল্পটা ভালো লেগেছিল বলেই এর সঙ্গে যুক্ত হলাম। আমার মনে হয়েছে, গল্পটি খুবই সময়োপযোগী।’
ছোট পর্দা ও বড় পর্দা দুই ধারায়ই সাবলীল জ্যোতিকা জ্যোতি। বছরজুড়ে অভিনয় নিয়েই ব্যস্ততা তার। ২০০৪ সালে লাক্স-আনন্দধারা ফটোজেনিক প্রতিযোগিতায় সেরা দশে স্থান করে নিয়েছিলেন জ্যোতিকা জ্যোতি। পরবর্তী বছরই সারাহ বেগম কবরী পরিচালিত সিনেমা ‘আয়না’য় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় পা রাখেন জ্যোতি। পরবর্তী সময়ে একের পর এক সিনেমা, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও নাটকে অভিনয় করেছেন তিনি। জ্যোতি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা নুরুল আলম আতিক পরিচালিত ‘লাল মোরগের ঝুঁটি’।










