‘মহাভারত’-এর কর্ণ চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন অভিনেতা পঙ্কজ ধীর। টেলিভিশন, চলচ্চিত্র ও ওয়েব সিরিজ—তিন মাধ্যমেই সমান পারদর্শী এই অভিনেতা বুধবার (১৫ অক্টোবর) ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

তার পুরনো বন্ধু ও সহঅভিনেতা অমিত বহল ভারতীয় গণমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এছাড়াও ‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস্ অ্যাসোসিয়েশন’-এর পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে। জানা যায়,আজ বিকেলই মুম্বাইয়ে তার শেষকৃত্য সম্পন্ন করার কথা রয়েছে।

সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন পঙ্কজ ধীর। এক সময় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও কয়েক মাস আগে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। অস্ত্রোপচারের পরও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি এই অভিনেতাকে।

বি আর চোপড়ার পরিচালিত ‘মহাভারত’ সিরিজে কর্ণ চরিত্রে অভিনয় করে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন তিনি। পাশাপাশি ‘সোলজার’, ‘জমিন’, ‘আন্দাজ’, ‘বাদশা’, ‘টারজান: দ্য ওয়ান্ডার কার’-এর মতো জনপ্রিয় হিন্দি ছবিতেও অভিনয় করেছেন। প্রায় পাঁচ দশকের অভিনয়জীবনে তিনি দুটি চলচ্চিত্র পরিচালনাও করেন। ২০২৪ সাল পর্যন্ত তিনি অভিনয়ে সক্রিয় ছিলেন এবং শেষবার দেখা গিয়েছিল টেলিভিশন ধারাবাহিক ‘ধ্রুব তারা’-তে।