প্রখ্যাত কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের পাঁচ দশকের সংগীতযাত্রা ও শিল্পী জীবনের উত্থান-পতনকে কেন্দ্র করে নির্মিত ডকুফিল্ম ‘জুঁইফুল: সাবিনা ইয়াসমিন’ এখন ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে উন্মুক্ত করা হয়েছে।

ডকুফিল্মটি পরিকল্পনা, নির্মাণ ও সঞ্চালনা করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। চলচ্চিত্রে আর্কাইভাল ফুটেজ, রেকর্ডিং সেশন, মঞ্চজীবন ও পারিবারিক স্মৃতিচারণার মাধ্যমে সাবিনার সংগীতজীবনের বহুমাত্রিক চিত্র ফুটে উঠেছে। ষাটের দশক থেকে শুরু করে বর্তমান প্রজন্ম পর্যন্ত তার সংগ্রাম, সাফল্য ও স্মৃতিময় বিষয়গুলো তুলে ধরা হয়েছে এতে।

সাবিনা ইয়াসমিনের বিশাল সংগীতভাণ্ডার থেকে মাত্র ১২টি গান নির্বাচন করা হয়েছে, যেগুলো নতুন প্রজন্মের কণ্ঠে পরিবেশন করেছেন কোনাল, লিজা, ইমরান, ঝিলিক, রাকিবা, ঐশী ও আতিয়া আনিসা। শাইখ সিরাজ বলেন, ‘সাবিনা ইয়াসমিনের প্রায় ১৫ হাজার গান থেকে মাত্র ১২টি নির্বাচন করা সহজ ছিল না। তবুও এ গানগুলোই দর্শককে তার শিল্পীর গভীরতা দেখাবে।’

ডকুফিল্মে ব্যক্তিগত চিঠি, স্টুডিও নোটস ও অনুশীলনের দৃশ্যসহ এমন মুহূর্তও দেখানো হয়েছে যা আগে কখনো প্রকাশ পায়নি। সাবিনা ইয়াসমিন বলেন, ‘সিরাজ ভাই এটি যেভাবে সাজিয়েছেন, আমি বিস্মিত। দর্শক আমাকে একেবারে নতুনভাবে আবিষ্কার করবেন। এটি বাংলা সংগীতশিল্পের ইতিহাস বাঁচিয়ে রাখার একটি মহৎ প্রয়াস।’

শাইখ সিরাজ আরো বলেন, ‘গবেষণার পর অনেক সময় ব্যয় হয়েছে সম্পাদনায়। ডকুফিল্মে দেখা যাবে, সাবিনা ইয়াসমিন কীভাবে মাত্র ১২ বছর বয়সে আলতাফ মাহমুদের হাত ধরে সিনেমায় গান গাইতে সুযোগ পেলেন, তার প্রথম পারিশ্রমিক ও প্রথম শোর অভিজ্ঞতা। তার সংগ্রাম, সাফল্য ও শিল্পীসত্তা পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরাই আমাদের লক্ষ্য।’