নতুন সিনেমার পরিকল্পনা করছেন জেমস ক্যামেরন। এবার হিরোশিমার ঘটনা নিয়ে সিনেমা নির্মাণ করবেন তিনি। অ্যাভাটারের জন্য দীর্ঘ পরিকল্পনা করেছেন ক্যামেরন। ধারণা করা হয়েছিল অ্যাভাটারের পাঁচটি কিস্তি মুক্তির আগে নতুন কোনো সিনেমার কাজ হাতে নেবেন না। তবে নিজেই জানালেন অ্যাভাটার ফোরের কাজ শুরু করার আগে ‘দ্য লাস্ট ট্রেন ফ্রম হিরোশিমা’ বইয়ের ওপর ভিত্তি করে ছবি নির্মাণ করবেন। চার্লস পেলেগ্রিনোর লেখা ‘দ্য লাস্ট ট্রেন ফ্রম হিরোশিমা’ ২০১০ সালে প্রকাশ হয়। বইটির স্বত্ব কিনে নিয়েছেন জেমস ক্যামেরন। পেলেগ্রিনোর বইটিতে জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপের পরের দুদিনের ঘটনা তুলে ধরা হয়েছে।
জেমস ক্যামেরন এরই মধ্যে কাজ শুরু করেছেন। গত মাসে জাপানে অ্যাভাটার টুয়ের ছবির প্রচারণায় গিয়ে হিরোশিমার ঘটনার প্রত্যক্ষদর্শী ৯৩ বছর বয়সী সুতোমো ইয়ামাগুচির সঙ্গে কথা বলেছেন। সোমবার ইয়ামাগুচি মারা যান। এরপরই নতুন সিনেমার কথা জানিয়েছেন ক্যামেরন। লস অ্যাঞ্জেলস টাইমসের সঙ্গে সাক্ষাৎকারে ক্যামেরন বলেন, ‘আমরা যতটা ভেবেছিলাম, তার চেয়েও বেশি অনিশ্চিত পৃথিবীতে বাস করি। আমি মনে করি হিরোশিমা চলচ্চিত্রটি সময়োপযোগী হবে। এটি মানুষকে মনে করিয়ে দেবে যে মানুষের ওপর এ অস্ত্রগুলোর প্রভাব আসলে কেমন।’
সূত্র: লস অ্যাঞ্জেলেস টাইমস










