টিমোথি শ্যালামে অভিনীত ওঙ্কা মুক্তি পাচ্ছে শুক্রবার। মুক্তির আগে সিনেমাটির কয়েকটি প্রদর্শনী হয়েছে। এগুলো ছিল চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিকদের জন্য। সিনেমাটির এ প্রাথমিক প্রদর্শনীগুলো থেকে প্রশংসা পাচ্ছে ওঙ্কা ও টিমোথি। ওঙ্কা মূলত রোয়াল্ড ডালের ‘চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি’র প্রিকুয়াল। মিউজিক্যাল সিনেমাটি পরিচালনা করেছেন পল কিং। এর আগে তিনি পরিচালনা করছিলেন ‘প্যাডিংটন’ ও ‘প্যাডিংটন টু’।
ওঙ্কার গল্পটা তরুণ উইলিকে নিয়ে। ২০০৫ সালে মুক্তি পাওয়া টিম বার্টনের চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরিতে এ চরিত্রে অভিনয় করেছিলেন জনি ডেপ। চকলেট ফ্যাক্টরির আগের গল্পটা বলছে ওঙ্কা। টিম বার্টন পরিচালিত সিনেমায় নিজের একটা স্বতন্ত্র ছাপ রেখেছিলেন জনি। উইলি ওঙ্কাকে বলা চলে সংজ্ঞায়িত করেছিলেন। সে কারণে টিমোথির ওপর কিছুটা হলেও চাপ ছিল চরিত্রটি রূপদান করায়।
সিনেমাটিতে টিমোথি ছাড়াও অভিনয় করেছেন কালাহ লেন, কিগান-মাইকেল কে, ম্যাট লুকাস, স্যালি হকিংস, রোয়ান অ্যাটকিনসন, অলিভিয়া কোলম্যান ও হিউ গ্র্যান্ট। সিনেমা ক্রিটিক কোর্টনি হাওয়ার্ড বলেছেন, ‘ওঙ্কা মূলত বিজয় উদযাপনের মতো আনন্দ দেয়। এতে সৌন্দর্য, মাধুর্য ও শক্তিমত্তার একটি মিশেল আছে।’ সিনেমার প্রশংসার বাইরে তিনি বলেন, ‘টিমোথি শ্যালামে এ সিনেমার মূল আকর্ষণ। তিনি পুরো সময় তার প্রতি মনোযোগ আটকে রাখতে বাধ্য করেন।’
জেরমেইন লুসিয়ারও শ্যালামের প্রশংসা করেছেন। তার মতে, টিমোথি অনির্বচনীয়ভাবে চমৎকার এবং সিনেমাটি দেখার মতো। দর্শককে অন্য এক দুনিয়ায় নিয়ে যাবে।
সিনেমার ট্রেলার থেকেই ওঙ্কা নিয়ে বেশ আশাবাদী ছিল হলিউড। কেননা তারা প্রায় ১৮ বছর আগে জনি ডেপকে যে চরিত্রে দেখেছেন তা নতুন করে আবার সামনে আসছে। এছাড়া প্রায়-রূপকথা ঘরানার এ সিনেমার প্রেমাইস ও পোশাক-আশাক নিয়ে তাদের ইতিবাচক ধারণা দেখা গেছে। তবে জেরমেইনই আবার বলছেন, সিনেমার তুলনায় টিমোথিই বেশি ভালো। তার মতে, ‘সিনেমাটা উপভোগ্য তবে ভালো সিনেমার উদাহরণ হিসেবে থাকবে না। তবে টিমোথির অভিনয় মনে রাখার মতো।’ এর বাইরেও সিনেমার গানের প্রশংসা করেছেন জেরমেইন। তার মতে, গানগুলো মন মাতানো।
সিনেমাটি নিয়ে যারাই কিছু না কিছু বলছেন তাদের মত হলো, সিনেমাটি তরতাজা হাওয়ার মতো। দেখতে ভালো। উপভোগ করা যায়। এর সংগীতও মনে দোলা দেয়। এছাড়া রঙের ব্যবহার ও পোশাকের বৈচিত্র্য সিনেমাটিকে আরো উপভোগ্য করে তুলেছে।
সূত্র: ভ্যারাইটি










