রাজকুমার হিরানী ও শাহরুখের প্রথম সিনেমা ‘ডাঙ্কি’। টিজার ও গানের পর গতকাল প্রকাশ হয় সিনেমাটির ট্রেলার। ডাঙ্কির ট্রেলার সামনে আসতেই রাজকুমার হিরানীর ভক্তরা বলছেন সঞ্জু, থ্রি ইডিয়টস ও মুন্না ভাই এমবিবিএস সিনেমার মতো এটিও ব্যবসাসফল হতে যাচ্ছে। শাহরুখের এ সিনেমা মূলত, দেশের মাটি, দেশের মানুষের আবেগের ওপর ভর করে পাঞ্জাব থেকে লন্ডন যাওয়ার স্বপ্ন ও লড়াইয়ের গল্প বলবে।
ডাঙ্কিতে শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে বোমান ইরানি, তাপসী পান্নু, ভিকি কৌশল, বিক্রম কোচার ও অনিল গ্রোভারকে। ট্রেলারেও দেখা মেলে তাদের। সদ্য প্রকাশিত ট্রেলারের সূচনা হয় শাহরুখ খানের ভয়েজ দিয়ে। গল্পটির শুরু ১৯৯৫ সালে। সিনেমাটিতে শাহরুখের চরিত্রের নাম হরদয়াল সিং ডিলন হার্ডি। সে লালতি নামে একটি ছোট শহরে আসে। সেখানে তার পরিচয় হয় মনু, সুখী, বগু ও বলী এ চারজনের সঙ্গে। এ চরিত্রগুলোয় অভিনয় করেছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বিক্রম কোচার ও অনিল গ্রোভার। ট্রেলারে শাহরুখ বলেন, ‘তারা পাঁচ বন্ধু ইংল্যান্ড যেতে চাইতেন। আর দেশের বাইরে যেতে হলে ইংরেজি জানতেই হয়। তাই পাঁচ বন্ধু ব্যস্ত হয়ে পড়েন ইংরেজি শিখতে। কিন্তু বিদেশে যাওয়ার ক্ষেত্রে তাদের অন্যতম প্রতিবন্ধকতা হলো তারা সে ইংরেজি ভাষাও জানে না। তবে এ সময় ইংরেজি না পারার কারণে হেস্তনেস্ত হতে হয় তাদের। একসময় তারা অবৈধ পথে বিদেশ যাওয়ার চেষ্টা করে। এ সিদ্ধান্তের কারণে তাদের জীবনে নেমে আসে অন্ধকার।’
ট্রেলারের শেষের দিকে তাকে বলতে শোনা যায়, ‘হার্ডি তার অতীতে যে ভুলগুলো করেছে তা সংশোধন করতে চায়’ আর তখনই একঝলকের জন্য দেখা মেলে পঞ্চাশোর্ধ শাহরুখ খানের। ভক্তরা শাহরুখের এ লুক অনেক পছন্দ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই শাহরুখের নতুন লুকের প্রশংসা করেছেন।
এ বছরই শাহরুখের ব্যাক-টু-ব্যাক অ্যাকশন ব্লকবাস্টার ‘পাঠান’ ও ‘জওয়ান’ মুক্তি পায়। সিনেমা দুটি বিশ্বব্যাপী মোট ২ হাজার ২০০ কোটি রুপি আয় করেছে এবং ডাঙ্কিও ব্যবসাসফল হবে বলে আশা করছেন সমালোচকরা। এ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো হিরানী পরিচালিত সিনেমায় অভিনয় করছেন শাহরুখ। রাজকুমার হিরানী ও গৌরী খানের প্রযোজনায় এ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২১ ডিসেম্বর। সিনেমাটির প্রচারের অংশ হিসেবে এরই মধ্যে দুটি গান মুক্তি পেয়েছে, গানগুলোও প্রশংসা কুড়াচ্ছে। এর মধ্যে ‘নিকলে থে কভি হাম ঘরসে’ গানটিতে রাজকুমার হিরানী তার ছাপ রেখেছেন।
সোনু নিগামের কণ্ঠে এ গানের মধ্য দিয়ে দেশপ্রেমের বার্তা দিলেন পরিচালক।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস










