ঈদ আয়োজনে প্রতি বছরই থাকে বিশেষ অনুষ্ঠানমালা। এবারো ব্যতিক্রম হচ্ছে না। এরই মধ্যে প্রতিটি চ্যানেল প্রকাশ করছে ঈদ আয়োজনের খবর। সে ধারাবাহিকতায় চ্যানেল আইও জানাচ্ছে তাদের ঈদের লাইনআপ। গতকাল চ্যানেলটির তরফ থেকে জানানো হলো এবারো থাকছে ‘ছোটকাকু’র একটি অ্যাডভেঞ্চার। ছোটকাকু এবার মিশনে যাবে মুন্সিগঞ্জে।

প্রতি বছরই ঈদে ছোটকাকুর একটি গল্প থেকে নির্মিত হয় নাটক বা সিরিজ। এবারের ঈদ অনুষ্ঠানমালায় চ্যানেল আইতে আসছে ফরিদুর রেজা সাগরের ছোটকাকু সিরিজের মিশন মুন্সিগঞ্জ।

ফরিদুর রেজা সাগরের লেখা ছোটকাকু জনপ্রিয় গোয়েন্দা সিরিজ। অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন নির্মাণ করেন টেলিভিশন নাটক। ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচার হবে প্রথম পর্ব। এদিন থেকে ঈদের অষ্টম দিন পর্যন্ত প্রতিদিন একই সময় চ্যানেল আইয়ের পর্দায় দর্শক উপভোগ করতে পারবে সিরিজটি।

দেশের বিভিন্ন স্থানে কয়েকটি খুনের সংবাদে বিচলিত হন ছোটকাকু। ঢাকায় খুন হলেন উকিল, দ্বিতীয় খুন লালমনিরহাটে, একজন চিকিৎসক। তৃতীয় খুনটা হলো ফেনীতে, একজন রাজনীতিবিদ। মজার ব্যাপার হলো, তিনজনই একসময় মুন্সিগঞ্জে ছিলেন।

এসব খুনের রহস্য উদঘাটনে ছোটকাকু ছুটে যান মুন্সিগঞ্জে। কাহিনী জট পাকিয়ে যায়। সে জট খুলতেই ছোটকাকুর মিশন মুন্সিগঞ্জ। মিশন মুন্সিগঞ্জ ধারাবাহিকটি পরিচালনা করেছেন অনিমেষ আইচ। এবারের ছোটকাকু সিরিজের নাম দেয়া হয়েছে ‘চ্যাপ্টার টু’। মিশন মুন্সিগঞ্জে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, ভাবনা, আফজাল হোসেন প্রমুখ।