রবার্ট ডাউনি জুনিয়র অভিনয় করছেন ডক্টর ডুম চরিত্রে। মার্ভেলে আয়রনম্যান চরিত্রে তিনি অভিনয় করেছেন সেই ২০০৮ সাল থেকে। ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ সিনেমায় এ চরিত্রকে একটি অন্তিম পরিণতি দেয়া হয়েছে। ফলে এ চরিত্রে আর অভিনয়ের সুযোগ নেই রবার্টের। কিন্তু এমসিইউ চাচ্ছে তাকে। কেননা ডাউনি জুনিয়রের অভিনয় ও জনপ্রিয়তার কারণে রবার্টকে প্রয়োজন। সে কারণেই আবার ফেরানো হয়েছে তাকে। তিনি ফিরছেন ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমায়। ২০২৬ সালে আসছে সিনেমাটি। এ সিনেমায় ডক্টর ডুম চরিত্রে যে রবার্ট অভিনয় করছেন তা অ্যাভেঞ্জার্সের কাস্টের অনেকেই জানতেন। সম্প্রতি টম হল্যান্ড জানালেন খবরটা চেপে রাখা তার জন্য কঠিন ছিল।

তিনি বলেন, ‘আমি রবার্ট ডাউনি জুনিয়রের সঙ্গে নানা বিষয়ে অনেক কথা বলেছি। এর মধ্যে বারবার উঠে এসেছে তার মার্ভেলে ফিরে আসার আলাপ। বিষয়টি আমার জন্য বেশ আগ্রহের। আমি দারুণ উচ্ছ্বসিত ছিলাম। সে কারণেই বিষয়টা গোপন রাখা আমার জন্য বেশ কষ্টকর ছিল। এমনিতেই প্রেসের কাছে গোপনীয়তা বজায় না রাখার বিষয়ে আমার বদনাম আছে।’

মার্ভেলের দুই অভিনেতাকে নিয়ে এ অভিযোগ আছে। মার্ক রুফালো ও টম হল্যান্ড দুজনই সিনেমার কাহিনী বলে দেয়ার বদ অভ্যাসে নানা সময় বিপাকে পড়েছেন। এর মধ্যে মার্ক তো এবার সিনেমাই আপলোড করে দিয়েছিলেন। এদিকে টম হল্যান্ডকে নিয়ে ইউটিউবে আছে একটি কম্পাইলেশন। নাম ‘টম হল্যান্ড স্পয়লিং মার্ভেল মুভিস ফর থার্টিন মিনিটস স্ট্রেইট’। এ ভিডিও দুই কোটি ভিউ পেয়েছে।

আর ডুমসডের ক্ষেত্রে বিষয়টির সম্ভাবনা আরো বেশি ছিল, কেননা ডাউনির সঙ্গে টমের সম্পর্ক খুব ভালো। বিশেষত ‘স্পাইডারম্যান’-এর জন্য তার অভিষেক থেকেই বিষয়টি ঘনায়। সিনেমায় টনি স্টার্ক যেমন তার অভিভাবক, তেমনি বাস্তব জীবনেও ডাউনি জুনিয়র টমের অভিভাবক হয়ে উঠেছেন।

তবে ধারণা করা হচ্ছে সিনেমাটি বক্স অফিসে ভালো করবে। রবার্টের জাদু আবারো কাজ করবে পর্দায়।

সূত্র: ভ্যারাইটি