শিফন শাড়ি পরে হেঁটে আসছেন সুস্মিতা সেন। হাঁটু গেড়ে বসে দুই হাত ছড়িয়ে সিগনেচার পোজে শাহরুখ খান। এরপর গাইলেন ‘‌হাম কিসি সে কাম নেহি’র ‘‌চান্দ মেরা দিল’। ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘‌ম্যায় হুঁ না’ সিনেমার এ দৃশ্যটি হিন্দি সিনেমাপ্রেমীদের সবারই পরিচিত। মেজর রামরূপী শাহরুখ খানই এ সিনেমার মূল আকর্ষণ ছিলেন কিন্তু সুস্মিতা হয়ে উঠেছিলেন আকর্ষণের অন্যতম কেন্দ্র। তবে আমরা যে সিনেমাটি দেখি তার তুলনায় মূল পরিকল্পনায় সুস্মিতার স্ক্রিন টাইম ছিল বেশি। চূড়ান্ত সম্পাদনার টেবিলে সুস্মিতার অনেক দৃশ্য কাটা পড়ে। এ কারণেই পরিচালক ফারাহ খান ক্ষমা চেয়েছিলেন সুস্মিতার কাছে।

সম্প্রতি মুক্তি পেয়েছে সুস্মিতা অভিনীত সিরিজ ‘‌তালি’। সিরিজটিতে অভিনয় করে আলোচনায় আছেন তিনি। সম্প্রতি অভিনয় ও অন্যান্য বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। হিউম্যানস অব বোম্বের সঙ্গে এক কথোপকথনে ‘‌ম্যায় হুঁ না’র স্মৃতিচারণ করেন তিনি। সুস্মিতা বলেন, ‘‌চূড়ান্ত সম্পাদনার পর ফারাহ আমাকে ফোন করেছিল। সে বলল, ‘‌‘‌সুস, আমি সিনেমার চূড়ান্ত রূপ দেখলাম আর সে কারণেই তোমার কাছে আমি ক্ষমা চাই। সিনেমায় শাহরুখ, জায়েদ, অমৃতা সবারই একটা করে চরিত্র আছে। কিন্তু তোমার চরিত্রটি অনেকখানি কাটা পড়েছে। সিনেমায় তোমাকে সামান্যই পাওয়া যাচ্ছে।’’ শুনে আমি বলেছিলাম এটা কোনো বড় ব্যাপার না। আমি আমার কাজ (অভিনয়) করেছি, তুমি তোমার কাজ (সিনেমা নির্মাণ) করেছ। সব ঠিকই আছে। বলেছিলাম এ কথা কিন্তু মন খারাপ হয়েছিল।’

কিন্তু মন খারাপ থাকেনি আর সুস্মিতার। সিনেমা মুক্তির পর দেখা গেল ততটাও সামান্য উপস্থিতি নয় তার। আর সে উপস্থিতি দিয়েই দর্শকের ওপর প্রভাব ফেলেছিলেন তিনি। চাঁদনি চরিত্রের মধ্য দিয়ে নতুন করে যেন ফিরেছিলেন সুস্মিতা। তবে এজন্য বেশ কাঠখড় পোড়াতে হয়েছে তার। বিশেষত শুটিংয়ে কষ্ট হয়েছে তার। শিফন শাড়িতে রীতিমতো শীতে কাবু হয়েছিলেন তিনি।

সুস্মিতা বলেন, ‘‌শাহরুখ সোয়েটার পরে ছিল। অন্যরাও জ্যাকেট, সোয়েটারের মতো গরম কাপড় পরে ছিল। আমি শিফন শাড়িতে। এদিকে ফারাহর দরকার ছিল চুল, শাড়ির আঁচল ওড়ানোর মতো ফ্যান। রীতিমতো কাঁপছিলাম আমি। সংলাপ বলার সময় তো তোতলাচ্ছিলাম।’

বিখ্যাত দৃশ্যটির অনেক কিছুই তাৎক্ষণিক বলে জানিয়েছেন সুস্মিতা। শাহরুখ যেভাবে সিগনেচার পোজে হাত ছড়িয়েছিলেন তা কোরিওগ্রাফ করা ছিল না। ‘‌এমনকি আঁচল ধরে শাহরুখ যেভাবে হাঁটছিল তা-ও আগে থেকে পরিকল্পনা করা ছিল না। শাহরুখের মনে হয়েছিল ওভাবেই ভালো লাগবে। হয়েছিলও সেটাই,’ বলেন সুস্মিতা।

তালি নিয়ে অনেকদিন ধরেই ব্যস্ত ছিলেন সুস্মিতা। অসুস্থতা থেকে উঠে আবার কাজে মজেছেন তিনি। হাতে আছে সিরিজ ‘‌আর্যা’র তৃতীয় সিজন।

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস