এলিজাবেথ অলসেন হলিউডের জনপ্রিয় নায়িকা। বেশকিছু সিনেমার জন্যই তিনি দর্শকের মনোযোগ পেয়েছেন। তবে এর মধ্যে বিশেষ হয়ে আছে মার্ভেলের সিনেমাগুলো। ওয়ান্ডা চরিত্রে সেখানে অভিনয় করেছেন তিনি। ওয়ান্ডা ভিশনের সিরিজ তাকে জনপ্রিয়তা দিয়েছে। তিনি সম্প্রতি জানিয়েছেন, এ চরিত্র ও ফ্র্যাঞ্চাইজি তাকে এক ধরনের নিশ্চয়তা দিয়েছিল।
ভালচারের সঙ্গে সাক্ষাৎকারে এলিজাবেথ বলেন, ‘আমি সেভাবে কখনো বিনিময় প্রথায় বিশ্বাস করতাম না। তবে মার্ভেল আমার জন্য নিয়মিত ও ধ্রুবকের মতো কাজ করেছে। আর সেখানে বার বার ফিরে আসতেও আমার ভালো লেগেছে। তখনই মনে হতো, ‘‘হ্যাঁ, এখানে আমি থাকব’’।’
মার্ভেল মোটামুটি ২০১০ সাল থেকেই বড় বাজেটের সিনেমা নির্মাণের পাশাপাশি বেশকিছু নতুন চরিত্রকেও নিয়ে এসেছে। ওয়ান্ডা তাদেরই একজন। মার্ভেল কমিকে এ চরিত্র থাকলেও তাকে অ্যাভেঞ্জার্সে আনা হবে, তা সবাই ভাবেনি। এলিজাবেথকে আনা হলে তিনি নিজেকে যুক্ত করতে পেরেছিলেন চরিত্রটির সঙ্গে। এ নিয়ে তিনি বলেন, ‘আমি এ চরিত্রে বার বার ফিরেছি। কারণ আমার মনে হয়েছে, এটাই আমার চরিত্র। অনেককে নিয়ে কেবল ফেলে দেয়া হয়। সে চরিত্রের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারে না। আমার ক্ষেত্রে তা হয়নি। বার বারই মনে হয়েছে, আমি এটা করতে পারি।’
আবার সুপারহিরো সিনেমা সম্পর্কেই ইতিবাচক মনোভাব রাখেন এলিজাবেথ। তিনি মনে করেন, এ ধারার সিনেমা বাণিজ্যিক, এমনকি সিনেমা টিকিয়ে রাখার জন্যও প্রয়োজন। কেননা এ ধরনের সিনেমা বক্স অফিস ও তার বাইরেও আয় করে। সিনেমাগুলোর কারণেই থিয়েটারের ভাড়া আসে, অনেকের জীবন ও জীবিকা নিশ্চিত হয়।
এলিজাবেথ অলসেন মার্ভেলের আরেকটি প্রজেক্টেও কাজ করবেন। ২০২৫ সালে ‘মার্ভেল জম্বিস’ সিনেমাটিতে থাকবেন তিনি। ডার্ক কমেডি ঘরানার সিনেমা হতে যাচ্ছে মার্ভেল জম্বিস। এর নির্মাণের সঙ্গেও কিছুটা যুক্ত থাকছেন এলিজাবেথ।
সূত্র: ভ্যারাইটি










