শেষ হয়েছে ভেনিস চলচ্চিত্র উৎসবের এবারের আসর। তুলনামূলক বেশিই আলোচনা হয়েছে এ আসর নিয়ে। কভিড-১৯ অতিমারীর সময় থেকে কিছুটা আড়ালে পড়েছিল উৎসবটি। এবারের আয়োজন ও তারকা উপস্থিতির কারণে বেশি আলোচনা পেয়েছে। চলচ্চিত্র উৎসবের চেনা আমেজ ফিরিয়ে এনেছে এ আসর। ৮১তম আসরটিতে সেরা সিনেমার পুরস্কার জিতে নিলেন পেদ্রো আলমোদোভা। এবার আসরে থাকা তার ‘দ্য রুম নেক্সট ডোর’ জিতে নিল গোল্ডেন লায়ন।
এবারের ভেনিস উৎসবে বেশকিছু সিনেমাই ছিল আলোচনায়। এর মধ্যে ছিল ‘দ্য রুম নেক্সট ডোর’, ‘জোকার: ফোলি আ দু’, ‘দ্য ব্রুটালিস্ট’, ‘ওল্ফ’, ‘মারিয়া’সহ আরো কিছু সিনেমা। এর মধ্যে ব্রুটালিস্ট ও মারিয়া বেশ প্রশংসিত হয়েছে। সেখান থেকে ধারণা করা হয়েছিল সিনেমা দুটোর মধ্য থেকে কোনোটি সেরা নির্বাচিত হতে পারে। দ্য ব্রুটালিস্ট নিয়ে ইতিবাচক কথা হচ্ছিল। কেননা সোয়া ৩ ঘণ্টার এ সিনেমা দীর্ঘ হলেও তা দর্শককে ধরে রেখেছিল শেষ পর্যন্ত।
কিন্তু পুরস্কার গেল পেদ্রোর ঘরে। বলে রাখা ভালো, এ নির্মাতা দুবার একাডেমি অ্যাওয়ার্ড জিতেছেন। তার এ সিনেমাও দীর্ঘ কিন্তু সরল। সিনেমাটিতে আছে নানা রকম ইমোশনের সমাবেশ। এভাবেই বলা হয়েছে সিনেমা সম্পর্কে।
দ্য রুম নেক্সট ডোরে অভিনয় করেছেন টিল্ডা সুইটন ও জুলিয়েন মুর। পুরস্কার পাওয়ার পর এদের দুজনকেই ধন্যবাদ দেন নির্মাতা। এছাড়া সিনোম নিয়ে তিনি বলেন, ‘ইংরেজিতে নির্মিত এটিই আমার প্রথম সিনেমা, তবে এর হৃদয় স্প্যানিশ।’
এছাড়া এবারের আসরে গ্র্যান্ড জুরি প্রাইজ পেয়েছে ‘ভার্মিগ্লিও’। সিনেমাটি পরিচালনা করেছেন মৌরা দেলপেরো। দ্য ব্রুটালিস্ট নিয়ে অনেক প্রশংসা হয়েছে তা তো বলাই হলো। এড্রিয়ান ব্রডি অভিনীত সিনেমাটি নির্মাণ করেছেন ব্র্যাডি করবেট। সেরা নির্মাতা হিসেবে ব্রুটালিস্টের জন্য করবেট জিতেছে সিলভার লায়ন। বিশেষ জুরি পুরস্কার পেয়েছে এপ্রিল। ‘আই অ্যাম স্টিল হিয়ার’ সিনেমার জন্য সেরা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছেন মুরিলো হওসার ও হিইটার লোরেগা।
দর্শকের নজর মূলত থাকে সেরা সিনেমা, পরিচালক, অভিনেতা ও অভিনেত্রীর দিকে। এবারের আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন নিকোল কিডম্যান। বেবিগার্ল সিনেমার জন্য এ পুরস্কার পান তিনি। এছাড়া সেরা অভিনেতা হয়েছেন ভিনসেন্ট লিন্ডন। ‘দ্য কোয়াইট সান’ সিনেমার জন্য এ পুরস্কার পেয়েছেন। ‘অ্যান্ড দেয়ার চিলড্রেন আফটার দেম’ সিনেমার জন্য সেরা তরুণ অভিনেতার পুরস্কার পেয়েছেন পল কির্চার।
সূত্র ও ছবি: ভ্যারাইটি










