অনেক ক্ষেত্রেই ট্রেলার ও সিনেমার মধ্যে মিল থাকে না। যতটা আশা জাগায় ততটা ধরে রাখতে পারে না। এমনো হয় ট্রেলারে একজন অভিনেতাকে দেখা গেল, কিন্তু সিনেমায় তিনি নেই। এক্ষেত্রে দর্শক চাইলে মামলা করতে পারবে। যুক্তরাষ্ট্রের একজন বিচারক এ রুল জারি করেছেন। ইউনিভার্সাল পিকচার্সের ইয়েসটারডে সিনেমার ট্রেলারে আনা ডি আরমাস থাকা সত্ত্বেও তাকে সিনেমায় দেখা যায়নি। সেখান থেকেই ঘটনার সূত্রপাত।

সান দিয়েগোর পিটার মাইকেল রোসজা ও মেরিল্যান্ডের কনর উলফে জানান, তারা ড্যানি বয়েলের ইয়েসটারডে সিনেমায় আনা ডি আরমাসকে পাননি। মানে শেষ পর্যন্ত সিনেমায় রাখা হয়নি এ অভিনেত্রীকে। এর আগে নো টাইম টু ডাই নিয়েও এমন ঘটনাই ঘটেছিল। সিনেমায় তাকে পাওয়া যায়নি। এ প্রসঙ্গে বলা হয়েছে, ‘‌‌সিনেমার গ্রাহকরা তাদের পরিশোধ করা মূল্যের সঠিক উপযোগিতা পাচ্ছেন না।’

বিচারক স্টিফেন উইলসনকে ইউনিভার্সাল স্টুডিও জানিয়েছে, ট্রেলারে বক্তব্য দেয়া বা কোনোকিছু দেখানোর বিষয়টি আমেরিকার সংবিধানসম্মত। এটি স্বাধীন মত প্রকাশের অন্যতম সুযোগ। কিন্তু উইলসন এ যুক্তি নাকচ করে দিয়ে বিজ্ঞাপনে সৎ থাকার প্রতি জোর দেন। তিনি বলেন, ‌‘‌ট্রেলার মূলত এক ধরনের বিজ্ঞাপন, যা সিনেমার প্রচারে ব্যবহৃত হয়। এখানে দর্শকের জন্য সিনেমা সম্পর্কে তথ্য দেয়া হয়।’

এ মামলা ক্ষুব্ধ ভক্তদের পক্ষে ৫০ লাখ ডলার দাবি করে। ড্যানি বয়েলের এ সিনেমায় এড শিরানকে দেখা যায়। এতে আনা ডি আরমাসের একটি গুরুত্বপূর্ণ চরিত্র করার কথা ছিল। ড্যানি বয়েলের মতো বিখ্যাত পরিচালকের বিরুদ্ধে মামলা টেকানো কঠিন। তবে আগামী ৩ এপ্রিল পুনরায় শুনানি হবে।

সূত্র: দ্য গার্ডিয়ান