আশি বছর বয়সেও নিরলস বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। এখনো রীতিমতো অ্যাকশন দৃশ্যে অভিনয় করে যাচ্ছেন তিনি! তবে এবার বেশ বিপাকেই পড়েছেন অমিতাভ। দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। হায়দরাবাদে তার পরবর্তী সিনেমা ‘প্রজেক্ট কে’-এর একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় এ দুর্ঘটনা ঘটে। এতে তার পাঁজরের অস্থি ভেঙে যায় এবং ডান পাঁজরের পেশি ছিঁড়ে যায়। বর্ষীয়ান এ অভিনেতাকে দ্রুত হায়দরাবাদের এআইজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার সিটি স্ক্যান করানো হয়। প্রয়োজনীয় চিকিৎসা দেয়ার পর তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। ফলে প্রজেক্ট কের শুটিং স্থগিত করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা নেয়ার পর মুম্বাইয়ে ফিরে গেছেন এ অভিনেতা।
দুর্ঘটনা প্রসঙ্গে অমিতাভ লিখেছেন, ‘আমাকে বিশ্রাম নিতে বলা হয়েছে। চলাফেরা ও শ্বাস নেয়ার সময় ব্যথা করে। স্বাভাবিক অবস্থায় ফিরতে কয়েক সপ্তাহ সময় লাগবে। ব্যথা কমানোর জন্য কিছু ওষুধ দেয়া হয়েছে।’
চিকিৎসকের পরামর্শ অনুসারে সব ধরনের কাজ স্থগিত করেছেন অমিতাভ বচ্চন। সুস্থ হওয়ার আগ পর্যন্ত কিছু করবেন না তিনি। প্রতি বৃহস্পতিবার মুম্বাইয়ে নিজ বাসভবনের জলসা গেটে তিনি ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করতেন। অনির্দিষ্টকালের জন্য সেটিও স্থগিত করেছেন। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘কাজটা কঠিন হবে কিংবা বলা ভালো, এ সন্ধ্যায় আমি জলসা গেটে শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে দেখা করতে পারব না। তো আপনারা আসবেন না। আর যারা আসার পরিকল্পনা নিয়েছে, তাদের জানিয়ে দেবেন।’
সূত্র: হিন্দুস্তান টাইমস










