নেটফ্লিক্সের সাম্প্রতিক গেম শো ‘স্কুইড গেম: দ্য চ্যালেঞ্জ’। এটি বেশ সমাদর পাচ্ছে। এরই মধ্যে নেটফ্লিক্স ও প্রযোজকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার হুমকি দিচ্ছে এ শোর প্রতিযোগীরা। টিভি সিরিজটির দৃশ্য ধারণের সময় আহত হয়েছেন বলে দাবি করছেন তারা। ‘এক্সপ্রেস সলিসিটরস’ নামে একটি ব্রিটিশ ল ফার্ম দুজন অজ্ঞাতনামা প্রতিযোগীর প্রতিনিধিত্ব করছে। মামলায় না জিতলে কোনো পারিশ্রমিক নেয় না বলে এ প্রতিষ্ঠানের খ্যাতি আছে। প্রতিযোগীরা জানান, যুক্তরাজ্যের ঠাণ্ডা আবহাওয়ায় দৃশ্য ধারণের সময় তারা হাইপোথার্মিয়ায় ভুগেছেন। বিরূপ আবহাওয়া তাদের স্নায়ুর ওপর চাপ ফেলেছে। ‘স্কুইড গেম: দ্য চ্যালেঞ্জ’ নির্মাণের ক্ষেত্রে নেটফ্লিক্সের সঙ্গে কো-প্রডিউসার হিসেবে ছিল স্টুডিও ল্যামবার্ট। প্রতিষ্ঠানটিকে উকিল নোটিস পাঠিয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় এক্সপ্রেস সলিসিটরস।
স্কুইড গেম: দ্য চ্যালেঞ্জের প্রথম গেমেই ভোগান্তির শিকার হয়েছিল প্রতিযোগীরা। গেমটির নাম ‘রেড লাইট, গ্রিন লাইট’। সে পর্বে ভীতি প্রদর্শনকারী একটি রোবটিক পুতুলের চোখ ফাঁকি দিতে হয় প্রতিযোগীদের। বেডফোর্ডের কার্ডিংটন স্টুডিওতে কনকনে ঠাণ্ডায় গেমটির দৃশ্য ধারণ করা হয়েছিল। সে সময় তিনজন প্রতিযোগীকে চিকিৎসাসেবা দিতে হয়েছিল বলে নিশ্চিত করেছে নেটফ্লিক্স। এক্সপ্রেস সলিসিটরস জানায়, প্রতিযোগিতার শর্ত হিসেবে প্রতিযোগীদের দীর্ঘ সময় নিশ্চল থাকতে হয়েছিল। এতে তাদের স্বাস্থ্য ঝুঁকি বেড়েছে। প্রতিযোগীরা মজার কিছুতে অংশগ্রহণ করবেন বলে ভেবেছিলেন। তারা ভাবতে পারেননি যে তাদের শারীরিক জটিলতায় ভুগতে হবে। কিন্তু ঠাণ্ডা আবহাওয়ায় দীর্ঘ সময় নিশ্চল থাকার কারণে তারা অসুস্থ হয়ে যান। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ড্যানিয়েল স্লেইড বলেন, ‘প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগীদের এ লড়াইকে মানুষ ডেভিড ও গোলিয়াথের ক্ল্যাসিক যুদ্ধ হিসেবে দেখতে পারে।’
স্কুইড গেম: দ্য চ্যালেঞ্জের একজন মুখপাত্র জানান, প্রতিযোগীরা এখনো কোনো মামলা করেননি। প্রতিযোগীদের সুস্থ রাখতে নির্মাতারা সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করেছিল বলে জানান তিনি।
দক্ষিণ কোরিয়ার ড্রামা স্কুইড গেমের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে টিভি সিরিজ স্কুইড গেম: দ্য চ্যালেঞ্জ। নেটফ্লিক্সের ১০টি এপিসোডের এ রিয়েলিটি কমপিটিশন শোর প্রথম পাঁচটি এপিসোড মুক্তি পেয়েছিল ২২ নভেম্বর। পরবর্তী পাঁচটি এপিসোড মুক্তি পাবে ২৯ নভেম্বর। সর্বশেষ এপিসোড আগামী ৬ ডিসেম্বর মুক্তি পাবে।










