অ্যাঞ্জেলিনা জোলি অভিনয় করেছেন কিংবদন্তি অপেরা গায়িকা মারিয়া ক্যালাসের চরিত্রে। আর সে চরিত্রে প্রথম লুক প্রকাশ হয়েছে গতকাল। পাবলো ল্যারানের বায়োপিক ‘মারিয়া’তে জোলি নিজেকে হাজির করেছেন মারিয়া ক্যালাসের আদলে।
জ্যাকি ও স্পেন্সার সিনেমার পরিচালক পাবলো তার এ নতুন সিনেমায় বিখ্যাত, একই সঙ্গে বিতর্কিত অপেরা গায়িকা মারিয়া ক্যালাসের জীবন নিয়ে অনুসন্ধান করেছেন। আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, সিনেমাটি সত্য ঘটনাকে অবলম্বন করে তৈরি হচ্ছে। দুনিয়ার সেরা অপেরা গায়িকার জীবনের উত্থান-পতন, অস্থির সময় ও ট্র্যাজেডি জীবন্ত হয়ে উঠবে এ সিনেমায়। ১৯৭০-এর দশকে প্যারিসে মারিয়ার জীবনের শেষভাগ বেশি গুরুত্ব পাবে সিনেমায়।
সিনেমার শুটিং হবে প্যারিস, গ্রিস, বুদাপেস্ট ও মিলানে। আট সপ্তাহে শেষ হবে শুটিং। সিনেমার চিত্রনাট্য লেখা শেষ হয়েছিল হলিউডের লেখকদের ধর্মঘট শুরুর আগেই। চিত্রনাট্য লিখেছেন স্টিভেন নাইট। এর আগে তিনি স্পেন্সারে পাবলোর সঙ্গে কাজ করেছেন।
পাবলো বলেছেন, মারিয়ার কাজ শুরু করতে পেরে আমি খুবই আনন্দিত। আশা করি, সারা দুনিয়ার দর্শকের সামনে মারিয়া ক্যালাসের ঘটনাবহুল জীবনকে হাজির করতে পারব। স্টিভেন নাইটের লেখা অসাধারণ চিত্রনাট্যের জন্য তাকে ধন্যবাদ। জোলিকে ধন্যবাদ তার দুর্দান্ত কাজ ও অসামান্য প্রস্তুতির জন্য।
মারিয়া সিনেমায় জোলির জন্য কস্টিউম তৈরি হয়েছে ক্যালাসের পোশাক অনুকরণে। পশমের আইটেম নেয়া হয়েছে আর্কাইভ কালেকশন থেকে। এজন্য আবার ‘পেটা’র সঙ্গে আলাপ করা হয়েছে কীভাবে নতুন পশম ব্যবহার না করে পোশাকগুলো তৈরি করা যায়।
অ্যাঞ্জেলিনা জোলি ছাড়াও মারিয়ায় আরো অভিনয় করছেন ইতালীয় অভিনেত্রী ভ্যালেরি গোলিনো, তুর্কি অভিনেতা স্টলওয়ার্ট হালুক প্রমুখ। শোনা যাচ্ছে এ সিনেমায় জোলিকে গাইতেও দেখা যাবে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। জোলি এক বিবৃতিতে বলেছেন, ‘মারিয়ার জীবন ও কিংবদন্তিকে আমি খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করেছি। চরিত্রের চ্যালেঞ্জ নিতে আমি যা প্রয়োজন তা-ই করব।
সূত্র ও ছবি: ভ্যারাইটি










