মুক্তির দ্বিতীয় সপ্তাহে পা রাখতে যাচ্ছে ‘ইনসাইড আউট’। অথচ বক্স অফিসের ঝড়ে গতি কমার লক্ষণ নেই। মার্কিন প্রযোজনা প্রতিষ্ঠান পিক্সারের ব্যানারে নির্মিত সিনেমাটি ‘ডুন: পার্ট টু’র আয়ের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। গত শুক্রবার পর্যন্ত কেবল অভ্যন্তরীণ বাজারেই টিকিট বিক্রি হয়েছে ২৮ কোটি ৩০ লাখ ডলারের। শুক্রবার ছিল সিনেমার অষ্টম দিন। ডুন টু মুক্তির পর এ দিন পর্যন্ত টিকিট বিক্রি ছিল ২৮ কোটি ১৪ লাখ ডলার। ফলে উত্তর আমেরিকার বাজারে এর মধ্যেই সিনেমাটিকে ছাড়িয়ে ২০২৪ সালের সেরা সিনেমার জায়গা দখল করে নিয়েছে ইনসাইড আউট টু।
শুক্রবারে বৈশ্বিকভাবে ইনসাইড আউট টু ৫০ কোটি ডলার আয়ের মাইলফলক অতিক্রম করেছে। তার আগে বৃহস্পতিবার পর্যন্ত আয় ছিল ৪৮ কোটি ১৪ লাখ ডলার। উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহগুলোয় সাপ্তাহিক ছুটি শনিবার ও রবিবার মিলিয়ে ৮-৯ কোটি ডলার আয় করতে পারে বলে মনে করা হচ্ছে। আর সেটি হলে, সোমবার নতুন কার্যদিবস শুরুর আগেই অভ্যন্তরীণ আয় দাঁড়াবে ৩৫ কোটি ডলার।
কেবল উত্তর আমেরিকায় নয়, বাইরেও শক্তিশালী অবস্থান তৈরি করে ফেলেছে ইনসাইড আউট টু। বৈদেশিক বাজারে বৃহস্পতিবার পর্যন্ত সিনেমাটির আয় ছিল ২২ কোটি ৬৭ লাখ ডলার। দ্বিতীয় সপ্তাহ শেষ হওয়া পর্যন্ত ঝুলিতে আয় ৬৫-৭০ কোটি ডলার উঠতে পারে বলে মনে করছেন বক্স অফিস বিশ্লেষকরা। বৈশ্বিকভাবে বর্তমানে বক্স অফিসে শীর্ষে রয়েছে ডুন টু, যার আয় ছিল ৭১ কোটি ১৮ লাখ ডলার।
সনির ব্যানারে মুক্তি পাওয়া ‘ব্যাড বয়েজ: রাইড অর ডাই’-এ অনেক দিন পর একত্র হয়েছেন উইল স্মিথ ও মার্টিন লরেন্স। মুক্তির তৃতীয় সপ্তাহে এসেও দ্বিতীয় অবস্থানে রয়েছে। কেবল অভ্যন্তরীণ বাজার থেকেই ঝুলিতে তুলেছে ১৫ কোটি ডলার। ইনসাইড আউট টু ও ব্যাড বয়েজের পরেই রয়েছে ‘দ্য বাইকরাইডার্স’। সিনেমাটি মুক্তি পেয়েছে ফোকাস ফিচার্সের ব্যানারে। ছুটির মধ্যে সিনেমাটি এক কোটি ডলার আয় করতে পারে বলে মনে করা হচ্ছে। সিনেমাটি পরিচালনা করেছেন জেফ নিকোলস, গল্প আবর্তিত হয়েছে ষাটের দশকের যুক্তরাষ্ট্রে মোটরসাইকেল চক্রের উত্থান ও পতনকে কেন্দ্র করে।
এদিকে রাসেল ক্রো অভিনীত ‘দ্য এক্সোরসিজম’-এর প্রভাব বক্স অফিসে কিছুটা ফিকে। সম্ভবত তার ক্যারিয়ারের নিম্ন আয়ের সিনেমার উদাহরণ স্থাপন হতে যাচ্ছে। তবে বক্স অফিসের জন্য নতুন ঘটনা ‘কাইন্ড অব কাইন্ডনেস’-এর মুক্তি। ২১ জুন মুক্তি পাওয়া পরিচালক ইয়োর্গোস ল্যান্থিমোসের সিনেমাটি আগে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়।
সূত্র: হলিউড রিপোর্টার










