গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে চেহারা ও বয়স
নিয়ে বিদ্রূপের মুখে পড়েন পপ সম্রাজ্ঞী ম্যাডোনা। বহু পুরস্কারজয়ী এ গায়িকা তার সাম্প্রতিক
ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘আমরা যে বিশ্বে বাস করি তা বয়সবাদ (এইজিজম) ও দুর্ব্যবহারে
আচ্ছন্ন হয়ে পড়েছে।’ খবর সিএনএন।
সম্প্রতি ম্যাডোনার একটি ক্লোজ শটের ছবি অনলাইনে
ভাইরাল হয়। সঙ্গে জুটে অজস্র নেতিবাচক মন্তব্য। এরপরই মন খারাপ করে এ নিয়ে মন্তব্য
করেন ‘ফ্রোজেন’ গায়িকা।
ছবিটি তোলা হয়েছিল গ্র্যামির মঞ্চে। তখন
কিম পেট্রাস ও স্যাম স্মিথের ‘আনহোলি’র পারফরমেন্স নিয়ে কথা বলছিলেন ম্যাডোনা। পরে
তিনি বলেন, আমি বক্তৃতায় কী বলছিলাম, সেটা ফোকাস না করে অনেকে আমার ক্লোজ-আপ ফটো নিয়ে
কথা বলা শুরু করেছে। প্রেস ফটোগ্রাফারের দীর্ঘ লেন্স ক্যামেরায় তোলা ওই ধরনের ছবি যে
কারো মুখ বিকৃত করবে।
ম্যাডোনার ইনস্টাগ্রামে ওই ছবিতে অনেকে ‘ভীতিকর’,
‘অচেনা’ ও ‘প্লাস্টিক সার্জারি করা হয়েছে’ বলে মন্তব্য করেন। তবে কসমেটিকসের বাড়তি
ব্যবহার নিয়ে করা মন্তব্যের বিষয়টি এড়িয়ে গেছেন তিনি।
৬৪ বছর বয়সী এই সংগীতশিল্পী তার পোস্টে বলেন,
‘বিশ্ব ৪৫ বছর বয়সের পরে নারীদের উদযাপন করতে দেয় না।’
ম্যাডোনার গায়কী কতটা জনপ্রিয়, তা নিয়ে নতুন
করে বলার কিছু নেই। এছাড়া যৌনতা প্রসঙ্গে খোলামেলা থাকার কারণে বরাবরই বিতর্কে থাকেন।
তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগও রয়েছে।
এ ছাড়া সমাজ পরিবর্তন, নারী, শিক্ষা ও মানবিকতাকে
গুরুত্ব দিয়ে ‘রে অব লাইট ফাউন্ডেশন’-এর মতো দাতব্য সংস্থাও প্রতিষ্ঠা করেছেন ম্যাডোনা।









