কাজল ও রেখা দুই বোন। ১০ বছর বয়সে বৃষ্টিতে খেলার সময় রেখাকে বাঁচাতে গিয়ে কাজল মাথায় মারাত্মক আঘাত পায়। এরপর কাজলের ব্রেইন গ্রোথ আটকে যায়। তার বয়স ও শরীর বাড়লেও বুদ্ধিমত্তা সেই ১০ বছরেই বন্দি হয়ে থাকে। ২৪ বছর বয়সী কাজলের আচরণ তাই এখনো শিশুর মতো। এমনই গল্প নিয়ে এগিয়েছে ভিজি জাহেদের ওয়েবফিল্ম ‘কাজলের দিনরাত্রি’।
কাজল চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী। এতে আরো অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও সামিয়া অথৈ।
এ নিয়ে পরিচালক ভিকি জাহেদ বলেন, ‘একটা সত্য ঘটনা অবলম্বনে গল্পটা সাজানো হয়েছে। তবে কার জীবনের গল্প এটা, তা এখন প্রকাশ করতে চাচ্ছি না। কেন চাচ্ছি না, সেটা দর্শক দেখলেই বুঝতে পারবেন। এটুকু আশা করছি, বছরের শুরুটা আমার নতুন একটি কাজ দেখতে পেল দর্শক। গতকাল থেকেই ‘কাজলের দিনরাত্রি’ দেখা যাচ্ছে দীপ্ত প্লে ও দীপ্ত ইউটিউব চ্যানেলে। এরই মধ্য অভিনয়ের জন্য প্রশংসা পাচ্ছেন মেহজাবিন চৌধুরী।’
নতুন বছরের প্রথম দিন নতুন ধারাবাহিক নাটক ‘জবা’ প্রচার শুরু করেছে দীপ্ত টেলিভিশন। নাটকটির জন্য চিত্রনাট্য লিখেছেন ফাহমিদুর রহমান, সংলাপ কলিন রড্রিক এবং চিত্রনাট্য সম্পাদনায় আছেন নাসিমুল হাসান। আশিস্ রায়ের নির্দেশনায় ধারাবাহিকটিতে অভিনয় করেছেন রেজমিন সেতু, সোহান খান, শিল্পী সরকার অপু, শাহ আলম দুলাল, আইনুন পুতুল, সায়েম সামাদ, নুর এ আলম নয়ন, নরেশ ভূঁইয়াসহ অনেকে। এই নাটকের নাম ভূমিকায় অভিনয় করেছেন সেতু। এ নাটকের মধ্য দিয়ে তাকে নতুন রূপে দেখা যাবে। নাটকটি নিয়ে সেতু বলেন, ‘নাটকটি করতে গিয়ে অনেক নতুন কিছু শিখছি। নাটকের গল্পটা আমাকে ঘিরেই, তাই অনেক শ্রম দিয়েছি যথাযথ ফুটিয়ে তুলতে। আশা করছি, দর্শকদের পছন্দ হবে। প্রতিদিন সন্ধ্যা ৭টায় দীপ্ত টিভিতে প্রচারিত হচ্ছে জবা নাটকটি। এছাড়া দীপ্তর ইউটিউব চ্যানেল ও দীপ্ত প্লেতেও দেখা যাবে এটি।’










