কল মি বাই ইয়োন নেমের পর ডুন। টিমোথি শ্যালামের দিনকাল ভালো যাচ্ছে। অবশ্য অনেক আগে থেকেই যাচ্ছিল। ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘‌কল মি বাই ইয়োর নেম’ সিনেমায় অভিনয়ের জন্য পেয়েছিলেন একাডেমি অ্যাওয়ার্ড মনোনয়ন। সেরা অভিনেতা হিসেবে তিনি ছিলেন তৃতীয় কনিষ্ঠ মনোনীত। এরপর ডুন দিয়ে যে জনপ্রিয়তা পেয়েছেন তা অভূতপূর্ব। চলছে ডুন: পার্ট টুর কাজ। এর মধ্যেই প্রি প্রডাকশনে আছে বব ডিলানের বায়োপিক। জেমস ম্যানগোল্ড পরিচালিত সিনেমাটিতে বব ডিলানের চরিত্রে অভিনয় করছেন টিমোথি। মজার ব্যাপার তিনি কেবল অভিনয়ই করছেন না, নিজের গলায় গানও গাইবেন।

ম্যানগোল্ড ইদানীং বেশ ব্যস্ত সময় পার করছেন। ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য ডায়াল অব ডেস্টিনি শেষ করেছেন। হাতে আছে ডিসির জন্য নির্মীয়মাণ সোয়াম্প থিং। তবে এর মধ্যেও তিনি বব ডিলানের বায়োপিক নিয়ে আলাদা করে সময় দিচ্ছেন। এ নিয়ে কোলাইডারের সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাৎকারে তিনি জানান, অভিনয়ের পাশাপাশি টিমোথি এখানে গানও গাইবে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, ‘‌টিমোথি কি অভিনয়ের পাশাপাশি গানও গাইবে?’ ম্যানগোল্ড হাসতে হাসতে বলেন, ‘‌অবশ্যই।’ ব্যাপারটি মজা মনে হলেও ম্যানগোল্ডের মতো পরিচালকের পক্ষে টিমোথিকে দিয়ে গান গাওয়ানো সম্ভব। সিনেমাটি নিয়ে তিনি বহুদিন ধরে কাজ করছেন এবং তার ইচ্ছা সবকিছু যেন রিয়েলিস্টিক দেখায়।

সিনেমাটি নিয়ে ম্যানগোল্ড বলেন, ‘ওই সময়টা আমেরিকার সংস্কৃতির জন্য দারুণ ছিল। একইভাবে দারুণ বব ডিলানের গল্পটাও। ১৯ বছর বয়সী ডিলান পকেটে মাত্র ২ ডলার নিয়ে নিউইয়র্কে এসেছিলেন। তিন বছরের মধ্যেই তিনি দুর্দান্ত জনপ্রিয় হয়ে ওঠেন।’ ডিলানের প্রথম জীবনের গল্পটাই বলতে চান ম্যানগোল্ড। আর সেদিক দিয়ে টিমোথি অভিনেতা হিসেবে দারুণ পছন্দ। ম্যানগোল্ড মনে করেন টিমোথি বব ডিলানের চরিত্রে নিজেকে দারুণভাবে বসাতে পারবে। এর আগে গত বছর এলভিস প্রিসলির বায়োপিকে অভিনয় করেছিলেন অস্টিন বাটলার। সিনেমাটি সাড়া ফেলেছিল। অস্টিন এ সিনেমায় অভিনয় করে মনোযোগ পেয়েছিলেন অভিনয় ও সংগীত দুনিয়ার। এলভিস প্রিসলি বেঁচে নেই, কিন্তু বব ডিলান এখনো জীবিত। তাই তাকে নিয়ে সিনেমা নির্মাণ বেশ চ্যালেঞ্জিং। প্রায় তিন বছর হলো এ সিনেমা নিয়ে কাজ চলছে। টিমোথি শুরুতেই বলেছিলেন, ‘‌বব ডিলান হয়ে ওঠার পূর্ণ চেষ্টা আমি করব।’

২০২০ সালে সার্চলাইট এ সিনেমার কাজ শুরু করার ঘোষণা দেয়। সে সময়ই বলা হয়েছিল অভিনেতা নিজেই গান গাইবেন। ম্যানগোল্ডের কথাটি তাই নিছক কোনো মজা নয়। টিমোথি তিন বছর ধরে বব হয়ে উঠতে চেষ্টা করছেন। এর মধ্যে গিটার শিখতে শুরু করেছেন তিনি। আর ম্যানগোল্ড জানিয়েছেন আগস্ট থেকে শুরু হবে সিনেমার শুটিং।

সূত্র: ডেডলাইন