মারা গেছেন ইউফোরিয়া অভিনেতা অ্যাংগেস ক্লাউড। ক্যালিফের ওকল্যান্ডে সোমবার মারা যান এ তরুণ অভিনেতা। ওকল্যান্ডের ফায়ার ডিপার্টমেন্ট জানায়, তারা রাত সাড়ে ১১টার দিকে একটি মেডিকেল ইমার্জেন্সির খবর পেয়ে ছুটে যান। কিন্তু তারা পৌঁছে দেখতে পান রোগী ততক্ষণে মৃত। মাত্র ২৫ বছর বয়সে মারা গেলেন ক্লাউড। এইচবিওতে প্রচারিত ইউফোরিয়া সিরিজে ফ্রেজকো চরিত্রে অভিনয় করে সবার মন জয় করেছিলেন তিনি।
ক্লাউডের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা দুঃখ ভারাক্রান্ত মনে একজন অসাধারণ মানুষের বিদায়ের কথা জানাচ্ছি। একজন অভিনেতা, ভাই বা বন্ধু হিসেবে সে ছিল অসাধারণ। গত সপ্তাহে তার বাবার মৃত্যুর পর সে এ নিয়ে খুবই মর্মাহত ছিল। আমাদের জন্য এখন সান্ত্বনার বিষয় অ্যাংগেস শেষ পর্যন্ত তার বাবার কাছেই গেল।’ অ্যাংগেসের কিছু মানসিক সমস্যা তৈরি হয়েছিল। এ নিয়ে তিনি সচেতন ও স্বচ্ছ ছিলেন। পরিবারের পক্ষ থেকে বলা হয়, ‘অ্যাংগেস তার মানসিক স্বাস্থ্য নিয়ে স্বচ্ছ ছিল। সে নিজের সমস্যার পাশাপাশি অন্যদের সমস্যাও বুঝত ও তা নিয়ে কথাও বলত।’
অ্যাংগেস ক্লাউড বেশকিছু সিনেমা ও সিরিজে অভিনয় করেছেন। তবে এর মধ্যে ইউফোরিয়ার জন্যই তিনি সবেচেয়ে বেশি জনপ্রিয়। ইউফোরিয়ার নির্মাতা স্যাম লেভিসন মনে করেন, অ্যাংগেস দ্রুতই অভিনয় জগতে নিজের জায়গা করে নিয়েছেন। ইউফোরিয়ার কেন্দ্রে যদিও ছিলেন জেন্ডেয়া, কিন্তু ক্লাউড তার অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছিলেন। লেভিসন বলেন, ‘অ্যাংগেসের মতো কেউ আসলে ছিল না। সে আমাদের জন্য বিশেষ। সহঅভিনেতাদের কাছে সে ছিল একজন সত্যিকারের বন্ধু।’
ইউফোরিয়া মূলত তরুণদের মধ্যে জনপ্রিয় একটি সিরিজ। সংগীতশিল্পী কোয়েস্টলাভ ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ফেজ (ক্লাউডের চরিত্রটি) ছিল ইউফোরিয়ার প্রাণ। আমার অন্যতম প্রিয় চরিত্র।’
সূত্র: ভ্যারাইটি










