চলচ্চিত্রের ইতিহাসে জেমস ক্যামেরনের
‘টাইটানিক’ যুগান্তকারী একটি নির্মাণ। আজো রি-রিলিজে সিনেমাটি দেখতে দর্শক হুমড়ি খেয়ে
পড়ে। টিভি চ্যানেলে পায় শীর্ষ টিআরপি।
এ ছবির প্রধান দুই চরিত্র কেট উইন্সলেট
ও লিওনার্দো ডিক্যাপ্রিও। ২২৬ কোটি ডলার আয় করা ‘টাইটানিক’ দুই তারকার ব্যক্তিগত ও
পেশাদার জীবনে বিশাল ভূমিকা পালন করেছে। যার মধ্যে অন্যতম তাদের পারিশ্রমিক।
শুরুতে কেটের তুলনায় লিওনার্দোর পারিশ্রমিক
মাত্র ৫ লাখ ডলার বেশি ছিল। কিন্তু পরে তিন কোটি ৮০ লাখ ডলারে গিয়ে ঠেকে।
১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘টাইটানিক’
ছিল জেমস ক্যামেরনের জন্য ঝুঁকিপূর্ণ লগ্নি। কারণ এর আগে ‘দ্য টার্মিনেটর’ ও ‘দ্য টার্মিনেটর
টু’র মতো পুরোদস্তুর অ্যাকশন সিনেমা উপহার দেন তিনি। কেউ ভাবতেই পারেননি ঘরানা বদলে রোমান্টিক
মেজাজে চলে যাবেন তিনি। সেখানেই করেন বাজিমাত। তবে আর্থিক লাভের বড় একটা অংক গেছে নায়কের
পকেটে।
আইএমডিবি অনুসারে, ‘টাইটানিক’-এর জন্য
কেট উইন্সলেটের পারিশ্রমিক ছিল ২০ লাখ ডলার। অবশ্য বলতে গেলে ইন্ডাস্ট্রিতে নতুন মুখই
ছিলেন তিনি। ১৯৯৪ সালে তার প্রথম ছবি ‘হেভেনলি ক্রিয়েচার্স’ মুক্তি পেয়েছে মাত্র।
সে তুলনায় পরিচিত মুখ লিওনার্দো ডিক্যাপ্রিওর মূল পারিশ্রমিক ছিল ২৫ লাখ ডলার। মাত্র
পাঁচ লাখ ডলারের ব্যবধান।
মজার বিষয় হলো, সিনেমাটির সাফল্যের
সঙ্গে অর্ধ-মিলিয়ন ব্যবধান হয়ে দাঁড়ায় আকাশছোঁয়া। জানা যায়, ‘টাইটানিক’-এর সাফল্যে
লিওনার্দো লভ্যাংশ হিসেবে পান পৌনে চার কোটি ডলার। অর্থাৎ, মোট চার কোটি ডলার ঢোকে
অভিনেতার পকেটে। শেষ পর্যন্ত কেট উইন্সলেটের সঙ্গে ব্যবধান দাঁড়ায় তিন কোটি ৮০ লাখ
ডলারের।










