বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডসংগীত অর্থহীন। নব্বইয়ের দশকে যাত্রা শুরু করা এ ব্যান্ড একসময় তরুণদের আবেগ, প্রতিবাদ আর স্বপ্নের প্রতীক হয়ে উঠেছিল। ‘এপিটাফ’, ‘চাইতেই পারো’, ‘স্বপ্নগুলো তোমার মতো’, ‘তেপান্তরের মাঠ পেরিয়ে’, ‘যদি কোনোদিন’, ‘আমার প্রতিচ্ছবি’, ‘গাইব না’, ‘আমার গল্প’, ‘অদ্ভুত সেই ছেলেটি’, ‘গুটি’, ‘বোকা মানুষটা’র মতো গানগুলো প্রজন্ম থেকে প্রজন্মকে আন্দোলিত করেছে। সে উজ্জ্বল পথচলার মাঝে হঠাৎ থেমে যায় তাদের সংগীতচর্চা। ব্যান্ডের প্রাণভোমরা সাইদুস সালেহীন খালেদ সুমন, সবাই যাকে ভালোবেসে বেজবাবা সুমন বলে ডাকেন।–জীবনের সবচেয়ে কঠিন লড়াই শুরু করেন তিনি।
ক্যান্সারের সঙ্গে যুদ্ধ, একের পর এক অস্ত্রোপচার, বিদেশে দীর্ঘ চিকিৎসা—সব মিলিয়ে যেন অনিশ্চয়তার অন্ধকার নামল অর্থহীনের ওপর। ভক্তরা নতুন গান শুনতে পারছিল না, মঞ্চেও আর তেমন দেখা মিলত না ব্যান্ডটির। তবু সুমন হাল ছাড়েননি। বারবার ভেঙে পড়েছেন, আবার দাঁড়িয়েছেন। সে জীবনের প্রতিচ্ছবিই ফুটে উঠেছিল ২০২২ সালে প্রকাশিত অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি’তে। ছয় বছরের বিরতির পর প্রকাশিত এ অ্যালবামের আটটি গান শ্রোতার হৃদয় জয় করে নেয়।
এদিকে অর্থহীন প্রথমবারের মতো সংগীত সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ভক্তদের আকাঙ্ক্ষা ছিল অর্থহীনকে বিদেশের মঞ্চে দেখা। সুমনের অসুস্থতার কারণে তা সম্ভব হচ্ছিল না। এবার সব বাধা কাটিয়ে শুরু হচ্ছে নতুন অধ্যায়। আগামী ২৫ অক্টোবর বোস্টন থেকে সফর শুরু হবে। এরপর ধারাবাহিকভাবে ১ নভেম্বর ভার্জিনিয়া, ২ নভেম্বর নিউইয়র্ক, ১৪ নভেম্বর হিউস্টন, ১৬ নভেম্বর ডালাস ও ২২ নভেম্বর ইন্ডিয়ানায় গাইবেন তারা। আয়োজকরা জানিয়েছেন, আরো কিছু শহরে শো যোগ হতে পারে।
পুরো সফরের আয়োজন করছে মিউজিক বাংলা ও ভেরিতাস ইভেন্টস। এ সফর অর্থহীনের জন্য যেমন ঐতিহাসিক, তেমনি ভক্তদের জন্যও বিশেষ। কারণ প্রবাসীরা শুধু নতুন অ্যালবামের গানই নয়, বরং শুনতে পাবেন সেই চিরচেনা পুরনো গানগুলো, যা একসময় তাদের কৈশোর-যৌবনের সঙ্গী ছিল। বর্তমানে অর্থহীনের লাইনআপ–সুমন (কণ্ঠ ও বেজ গিটার), মার্ক ডন (ড্রামস) ও এহতেশাম আলী (গিটার)। তিনজনের এ ছোট দলটিই এখন অর্থহীনের নতুন শক্তি।










