দেশের গুণী নাট্য নির্মাতা অরণ্য আনোয়ারের প্রথম সিনেমা ‘মা’ রয়েছে মুক্তির অপেক্ষায়। সিনেমাটি কবে নাগাদ মুক্তি পাবে এ নিয়ে কথা চলছিল কয়েকদিন ধরেই। অবশেষে এ নির্মাতা নিশ্চিত করেছেন আগামী মা দিবস উপলক্ষে ১৯ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। নির্মাতা জানান, মা সিনেমার গল্প মুক্তিযুদ্ধের সময়ের। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প। সাজিয়ে-গুছিয়ে তা সিনেমা আকারে পর্দায় তুলে এনেছেন নির্মাতা। সেই মায়ের চরিত্রেই দেখা যাবে পরীমনিকে।

সিনেমাটি নিয়ে পরীমনি বলেন, ‘‌এ সিনেমার জার্নিটা সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে আমার। মা যখন শুটিং করি, তখন চার মাসের রাজ্য আমার পেটে ছিল। আর যখন মুক্তি পাবে, তখন ও আমার কোলে থাকবে। এটা যে কতটা আনন্দের অনুভূতি, বোঝানো যাবে না।’

গত বছরের জানুয়ারিতে শুরু হয় মা সিনেমার দৃশ্য ধারণের কাজ। এর মধ্যে মাতৃত্বের কারণে সাময়িক অবসর নেন পরী। তবে তার আগে শেষ সিনেমা হিসেবে মার কাজ সম্পন্ন করেন। বর্তমানে ছেলে রাজ্যের সঙ্গেই সময় কাটছে পরীর। সামাজিক মাধ্যমে প্রায়ই মা ছেলের সুন্দর মুহূর্তের ছবি প্রকাশ করেন এ অভিনেত্রী। পরীমনি অভিনীত সর্বশেষ সিনেমা অ্যাডভেঞ্চার অব সুন্দরবন। বাংলাদেশের প্রখ্যাত লেখক মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত হয়েছিল সিনেমাটি। শিশুতোষ সিনেমাটিতে পরীর বিপরীতে অভিনয় করেছিলন সিয়াম আহমেদ।

অন্যদিকে অরণ্য আনোয়ার দেশের পরীক্ষিত নির্মাতাদের একজন। যিনি ‘আমাদের নুরুল হুদা’র মতো ধারাবাহিক নাটক নির্মাণ করে মুগ্ধতা ছড়িয়েছেন। আসন্ন সিনেমাটি নিয়ে আশাবাদী এ নির্মাতা। গত বছরের অক্টোবরে সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পায়। এরপর থেকেই সিনেমাটি মুক্তির প্রস্তুতি নিচ্ছিলেন এ নির্মাতা। শনিবার সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণা করেন নির্মাতা অরণ্য আনোয়ার। এ সময় হাজির ছিলেন পরীমনি।

মা সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন।