হলিউডকে নতুন করে চাঙ্গা করে তুলেছে দুটো সিনেমা। জুলাইয়ে মুক্তি পাওয়া ওপেনহাইমার ও বারবির মাধ্যমে বহুদিন পর সব মাধ্যম ও পর্যায়ে আলোচনা দেখা গেছে। সিনেমা দুটো বক্স অফিসেও ভালো আয় করেছে। কিন্তু এর মূল প্রভাব সর্বব্যাপী। হলিউড থেকে শুরু করে বাংলাদেশের পথে-ঘাটেও আলোচনা হয়েছে সিনেমা দুটো নিয়ে। কেবল বাংলাদেশ তো নয়, পৃথিবীর কোণে কোণে আলোচিত সিনেমা দুটি। ক্রিস্টোফার নোলান ও গ্রেটা গেরউইগ তাদের সিনেমা দিয়ে যেন সিনেমার প্রতি মানুষের মনোযোগ ধরে রাখলেন অনেকগুলো দিন। দুটো দুই ধারার সিনেমা হলেও তাদের নাম উচ্চারণ হয়েছে পাশাপাশি। বিশ্বব্যাপী এ ট্রেন্ডের নাম হয়েছে ‘‌বারবেনহাইমার’। সিনেমার জীবন্ত কিংবদন্তি, নির্মাতা ফ্রান্সিস ফোর্ড কপোলা মনে করেন এ পুরো বিষয় মূলত সিনেমার জয়।

গডফাদার-পরিচালক বিশ্বের সিনেমার নিয়মিত খোঁজখবর রাখেন। তিনি এসব নিয়ে কথাও বলেন। সম্প্রতি কপোলা তার ইনস্টাগ্রাম স্টোরিতে ওপেনহাইমার ও বারবির এ সাফল্য নিয়ে আলাপ তুলেছেন। তার কাছে ফলোয়াররা জানতে চেয়েছে, কপোলা দুটি সিনেমা দেখেছেন কিনা। কপোলা জানিয়েছেন, সিনেমা দুটো তার এখনো দেখা হয়নি। তিনি বলেন, ‘‌আমি সিনেমা দুটো দেখব। কিন্তু আমি খেয়াল করেছি, সিনেমা দুটো দেখতে লোকে থিয়েটারে যাচ্ছে। এ সিনেমাগুলো কোনো সিনেমার সিকুয়াল বা প্রিকুয়াল নয়। তার পরও সিনেমা নিয়ে যে আলোচনা ও দর্শকের আগ্রহ, তা মূলত সিনেমার জয়কেই নির্দেশ করে।’

কপোলার বলা ‘‌সিনেমার জয়’ বিষয়টি খুব সাধারণ হিসেবে ধরে নেয়া যেত, কিন্তু সাধারণ কথাও সবসময় সাধারণ নয়। কেননা সিনেমার বর্তমান দশা নিয়ে কপোলার দুশ্চিন্তা ছিল। তিনি নানা সময়ে তা প্রকাশও করেছেন। এর বাইরেও এ বছর হলিউডের সিনেমা খুব বেশি আয় করতে পারেনি। নোলান ও গ্রেটার নির্মিত সিনেমাগুলো সেখানে নতুন করে আশা তৈরি করছে। সে কারণে কপোলার মতো পরিচালকও মনে করেন, সিনেমা দুটো ভালো বা মন্দ যা-ই হোক না কেন, বারবেনহাইমার যে প্রভাব রেখেছে, তাতে সিনেমারই ভালো হবে।

বক্স অফিসও সে কথাই বলছে। সিনেমা দুটো হলিউডকে ইতিহাসের চতুর্থ বৃহত্তর ওপেনিং দিয়েছে। ওপেনহাইমার ও বারবি মুক্তির প্রথম সপ্তাহে মোট আয় করেছে ২০ কোটি ডলার। অতিমারী-পরবর্তী সময়ের জন্য এটি রীতিমতো রেকর্ড আয়। সামনের সপ্তাহে আয় আরো বাড়বে এতে কারো কোনো সন্দেহ নেই।

সূত্র: ভ্যারাইটি