মিঠুন চক্রবর্তী অভিনয় করবেন বাংলাদেশের একটি সিনেমায়। সিনেমাটি নির্মাণ করবেন কামরুজ্জামান রোমান। এর গল্প লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। তিনি কলকাতায় মিঠুন চক্রবর্তীর সঙ্গে সিনেমার গল্প নিয়ে কথা বলে এ তথ্য নিশ্চিত করেছেন। আবদুল্লাহ জহির বাবু তার ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন, তার লেখা ‘‌হিরো’ সিনেমার গল্প পড়ে পছন্দ করেছেন মিঠুন চক্রবর্তী। বাবু লিখেছেন, ‘‌আমার লেখা হিরো সিনেমার ন্যারেশন শুনে বললেন—‘‌‘‌ব্রিলিয়ান্ট, দারুণ! এ সিনেমা আমি করব’’।’ এরপর পোস্টে তিনি কামরুজ্জামান রোমানকে ধন্যবাদ জানান।

সিনেমা নিয়ে মিঠুন চক্রবর্তীর সঙ্গে কেবল প্রাথমিক কথাই হচ্ছে। এ নিয়ে এখনো চূড়ান্ত কোনো কথা হয়নি। তিনি কেবল মৌখিক সম্মতিই জানিয়েছেন। এরপর মিঠুন চক্রবর্তীর শিডিউল ফাঁকা হলে তার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হবে। তবে খুব দ্রুতই নতুন খবর জানা যাবে বলে জানিয়েছেন আবদুল্লাহ জহির বাবু।