বলিউড কিং শাহরুখ খান বর্তমানে তার নতুন সিনেমা পাঠানের প্রচারণায় ব্যস্ত। নতুন বছরের জানুয়ারিতে মুক্তি পাবে সিনেমাটি। এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির প্রথম গান ‘বেশরম রং’। প্রশংসার পাশাপাশি ব্যাপক সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে এটিকে ঘিরে। তবে এসব আলোচনা-সমালোচনাকে পাত্তা দিচ্ছেন না শাহরুখ। তিনি বরং ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে টুইটারে একটি প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেছেন। এটির নাম তিনি দিয়েছেন ‘#আস্কএসআরকে’।
প্রশ্নোত্তরে শিগগিরই মুক্তি পেতে যাওয়া তার নতুন সিনেমা সম্পর্কেই অধিকাংশ ভক্ত জানতে চেয়েছেন। তবে কয়েকজন এর বাইরে নানা প্রশ্ন করেছেন। তারা হলিউড নির্মাতা ক্রিস্টোফার নোলান ও স্ট্যানলি কুবরিক সম্পর্কে তাকে প্রশ্ন করেছেন। এ সেশনে অংশ নেয়া এক ভক্ত জানতে চেয়েছেন, ‘ক্রিস্টোফার নোলানের কোন সিনেমাটি আপনার প্রিয়?’ উত্তরে শাহরুখ খান নোলান ভক্তদের মুখে মুখে ফেরা দুটি নাম বলেন, ‘মেমেন্টো ও প্রেসটিজ’। তবে স্ট্যানলি কুবরিকের কোন সিনেমাটি তার পছন্দের, এমন প্রশ্নের উত্তরে তিনি ব্যতিক্রমী একটি নাম বলেন। তিনি জানান, কুবরিকের ‘ক্লকওয়াইজ অরেঞ্জ’ সিনেমাটি তার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। সাধারণত এমন প্রশ্নের উত্তরে কুবরিক ভক্তরা ‘দ্য শাইনিং’-এর নাম শুনেই অভ্যস্ত।
শাহরুখ খানের সঙ্গে আলোচনায় যেন অবধারিতভাবেই এসে পড়ে বলিউডের ভাইজানের নাম। শাহরুখ ও সালমান-এ দুই খানের বন্ধুত্ব দীর্ঘদিনের। তদুপরি, পাঠান সিনেমায় জনপ্রিয় স্পাই চরিত্র টাইগার নিয়ে সালমান খান হাজির হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ভাইজানের ব্যাপারে প্রশ্ন আসাটা তাই স্বাভাবিক। সালমান খান অভিনীত কোন সিনেমাটি পছন্দের, এমন প্রশ্নের উত্তরে শাহরুখ ‘বজরঙ্গি ভাইজান’ এর নাম বলেছেন। কবির খানের পরিচালনায় ২০১৫ সালে সিনেমাটি মুক্তি পেয়েছিল। ভাইজানের পাশাপাশি এতে প্রধান নারী চরিত্রে কারিনা কাপুর এবং গুরুত্বপূর্ণ একটি চরিত্রে নওয়াজুদ্দিন সিদ্দিকি অভিনয় করেছিলেন। পাকিস্তানি এক কন্যাশিশুকে কেন্দ্র করে সিনেমাটির গল্প আবর্তিত হয়। শিশু চরিত্রে হার্শালি মালহোত্রাকে দেখা গিয়েছিল।
আলাপচারিতায় একজন প্রশ্ন করেন, ‘আপনার সন্তানদের কাছ থেকে এখন পর্যন্ত শোনা সেরা প্রশংসা কোনটি?’ মুহূর্তের মধ্যে শাহরুখ উত্তর দেন, ‘বাবা, আমাদের জানা মতে, সবচাইতে স্নেহশীল মানুষ তুমি।’
এটা সবার জানা, শাহরুখ খান কেবল ক্রিকেট অনুরাগীই নন, তিনি ফুটবল খেলা দেখতেও পছন্দ করেন। লিওনেল মেসির আর্জেন্টিনা, নাকি এমবাপ্পের ফ্রান্স-কাতার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে যাওয়া এ দুটি দলের মধ্যে কোনটির প্রতি তার সমর্থন, তা জানতে চান ভক্তরা। উত্তরে পাঠান অভিনেতা বলেন, ‘আমার হৃদয় তো বলছে মেসি, নাকি?’
এছাড়া ভক্তরা তাকে বলিউড গায়ক অরিজিৎ সিং, আইপিএলে তার টিম কেকেআর, ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেছেন। সব মিলিয়ে ‘#আস্কএসআরকে’ সেশন হয়ে উঠেছিল জমজমাট।
সূত্র: বলিউড হাঙ্গামা










