বলিউডের দুর্দিনে দিন ভালোই যাচ্ছে শ্রদ্ধা কাপুরের। রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। তাদের ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’ বক্স অফিসে ভালো আয় করেছে। মোটের ওপর সিনেমাটি আয় করেছে ২০০ কোটি রুপি। শ্রদ্ধার এর আগের সিনেমাগুলোও ভালো ব্যবসা করেছিল। শক্তি কাপুরের কন্যা বলিউডে তার জায়গা বেশ পোক্ত করে নিয়েছেন অনেক আগেই। স্টাইল কুইন হওয়ার পাশাপাশি তিনি বিলাসী জীবনযাপন করেন। তার আছে বেশকিছু দামি সম্পত্তি। এর মধ্যে আছে সমুদ্রমুখী একটি অ্যাপার্টমেন্ট ও একাধিক গাড়ি।
তার মুম্বাইয়ের বাড়িটি সমুদ্রমুখী। সেখানে তিনি পরিবারের সঙ্গে বাস করেন। সঙ্গে আছেন তার ভাই সিদ্ধান্ত কাপুর ও শ্রদ্ধার কুকুর শিলো। বাড়িটি জুহুতে। ম্যাজিক ব্রিকসের তথ্য অনুসারে, শক্তি কাপুর ১৯৮৭ সালে ৭ লাখ রুপিতে তিন বেডরুমের একটি ফ্ল্যাট কেনেন। এখন কাপুর পরিবার পুরো একটি ফ্লোরের মালিক। সেখান থেকে আরব সাগর দেখা যায়। এ বাড়িতে আধুনিক সব সুবিধার সঙ্গে একটি ভিন্টেজ লুক রাখার চেষ্টা করা হয়েছে।
শ্রদ্ধার
মালিকানায় আছে তিনটি গাড়ি। প্রথমটি বিএমডব্লিউ সেভেন সিরিজের। এ গাড়িতেই তিনি
ঘুরে বেড়ান। ভারতের বাজারে জার্মান সেডানটির দাম ১ কোটি ৭০
লাখ রুপি। তিন লিটার ইনলাইন সিলিন্ডারের বিএমডব্লিউটিতে আছে টুইন পাওয়ার টার্বো গ্যাসোলিন ইঞ্জিন। টপ স্পিড ঘণ্টায়
৩২১ কিলোমিটার।
বলিউডের তারকাদের কাছে মার্সিডিজ বেঞ্জ প্রিয় একটি নাম। রণবীর সিং থেকে শুরু করে কারিনা কাপুর, সবারই এ ব্র্যান্ডের গাড়ি আছে। শ্রদ্ধা বাদ পড়বেন কেন? শ্রদ্ধা কাপুরও এ মার্সিডিজ ক্লাবের একজন। তার আছে একটি মার্সিডিজ বেঞ্জ জিএলই। ভারতে এ ব্র্যান্ডের গাড়ির বাজারমূল্য ৮৮ লাখ থেকে ১ কোটি রুপির কিছু বেশি পর্যন্ত হতে পারে। প্রিমিয়াম জার্মান অটোমোবাইলটির তিন লিটার ডিজেল ইঞ্জিন রয়েছে। এটি ৩২৬ বিএইচপিতে ৭০০ এনএম টর্ক দিতে পারে।
বিএমডব্লিউ মার্সিডিজের পর অডি না থাকাটা যেন অপরাধ। অপরাধ করেননি শ্রদ্ধা কাপুর। সংগ্রহে অডিও রেখেছেন তিনি। তার গ্যারেজে একটি অডি কিউ সেভেনও আছে। এর দাম ৮৫-৯৩ লাখ পর্যন্ত হতে পারে। টার্বো চার্জড তিন লিটার ভি সিক্স ইঞ্জিন ৩৩৫ বিএইচপি দিতে পারে।
শ্রদ্ধার
অন্যান্য নানা ধরনের অ্যাকসোসরিজ ও শখ রয়েছে।
পোষা প্রাণী, বিশেষত কুকুরের শখ রয়েছে। এর
মধ্যে শিলো তার প্রিয়। শ্রদ্ধার বন্ধুবান্ধব একে ফার বল বলে ডাকে।
শ্রদ্ধা নানা সময়ই শিলোর সঙ্গে ছবি তুলে আপলোড করে থাকেন। এসব ছবির মধ্যে শ্রদ্ধার বিলাসবহুল বাড়িটিরও চিত্র দেখা যায়। শ্রদ্ধার ছাদ আলাদা করে সাজানো। সেখানে অনেক সময় শ্রদ্ধা তার প্রিয় শিলোকে নিয়ে সময় কাটান।
শ্রদ্ধা এ পর্যন্ত ২৩টি সিনেমায় অভিনয় করেছেন। তার ক্যারিয়ার শুরু হয় ২০১০ সালে। অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, স্যার বেন কিংসলে, আর মাধবন অভিনীত ‘তিন পাত্তি’ সিনেমায়। তবে শ্রদ্ধা জনপ্রিয় হন মূলত আশিকি টু সিনেমার মধ্য দিয়ে। এরপর শ্রদ্ধার পারিশ্রমিকও বাড়ে। এখন এক একটি সিনেমার জন্য ৭ কোটি থেকে ১৫ কোটি রুপি পর্যন্ত পারিশ্রমিক নেন তিনি। এছাড়া বিজ্ঞাপন ও অন্যান্য শো তো আছেই। তিনি রিয়ালমি, হার্শেই, হোমসেন্টারে প্রচারের সঙ্গে যুক্ত। সিএ নলেজের দেয়া তথ্য মতে, এ সব মিলিয়ে শ্রদ্ধা কাপুরের মোট সম্পদ প্রায় ১২৩ কোটি রুপির সমান।
সূত্র: জিকিউ ইন্ডিয়া










