চ্যাম্প, ককপিট, কবীর, কিডন্যাপ, পাসওয়ার্ড ও কিশমিশ; দেব প্রযোজিত ও অভিনীত এই সব সিনেমার নায়িকা ছিলেন রুক্মিণী মৈত্র। কিছুদিন আগে ব্যোমকেশ চরিত্রে দেবের এন্ট্রি হতেই গুঞ্জন উঠে সত্যবতী হচ্ছেন তার বাস্তব জীবনের মনের মানুষটি। এবার তাতে আনুষ্ঠানিক সিলমোহর পড়ল। খবর হিন্দুস্তান টাইমস।

সত্যবতী চরিত্রে বলিউড তারকা মৌনি রায়ের নাম উঠে এলেও অভিনেত্রী সাফ জানিয়ে দেন সে রটনা ভুল। অবশ্য তাকে কাস্ট করার মতো টাকাও নেই কলকাতার প্রযোজকের। সে হিসেবে ঘরের মেয়ে রুক্মিণীই মানানসই। আর এর মাধ্যমে সবচেয়ে গ্ল্যামারাস সত্যবতী পেল পশ্চিমবঙ্গের গোয়েন্দা চরিত্রটি।

গতকাল বুধবার (৩ মে) রাতে সোশ্যাল মিডিয়ায় ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ সিনেমার মহরতের ছবি প্রকাশ হয়। সেখানে বান্ধবীকে পাশে রেখে দেব লেখেন, ‘মহরত হয়ে গেল। আমরা ফ্লোরে যাব পরশুদিন।’

রুক্মিণীও একই ছবি শেয়ার করে লিখলেন, ‘এই টিমের অংশ হতে পেরে উৎফুল্ল। ব্যোমকেশ ও দুর্গ রহস্যে সত্যবতীর চরিত্রে।’

আরেক ছবিতে দেখা মিলল পরিচালক বিরসা দাশগুপ্তরও। এর আগে অরিন্দম শীল, অঞ্জন দত্ত, সায়ন্তন ঘোষাল প্রমুখের পরিচালনায় শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা চরিত্রটি এসেছে বড়পর্দায়। ব্যোমকেশ হয়েছেন উত্তম কুমার থেকে আবীর, অনির্বাণ ভট্টাচার্যের মতো একাধিক অভিনেতা। এ ছাড়া টিভি ও ওটিটির জন্য হয়েছিল সিরিজ।