করোনার প্রাদুর্ভাবের কারণে দেশের সিনেমা হলগুলো দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামীকাল থেকে আবার চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি দিয়েছে সরকার। এ বিষয়ে গত বুধবার একটি পরিপত্র জারি করেছে তথ্য মন্ত্রণালয়। তবে চলচ্চিত্র প্রদর্শনীর জন্য আসন সংখ্যার কমপক্ষে অর্ধেক খালি রাখার শর্ত দেয়া হয়েছে।

বুধবার বিকালে তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি হল মালিক ও জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, কভিড-১৯-এর বর্তমান পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি পালন ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে সিনেমা হলের আসন সংখ্যার কমপক্ষে অর্ধেক খালি রাখা সাপেক্ষে এ অনুমতি দেয়া হলো।

এর আগে চলচ্চিত্র অঙ্গনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ১৬ অক্টোবর থেকে সিনেমা হল খোলার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছিলেন।

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে অন্যসব বিনোদনকেন্দ্রের মতো দেশের সব সিনেমা হলও ১৮ মার্চ থেকে বন্ধ রাখা হয়েছিল।